৬ মাস পর খুলছে কেদারনাথের দুয়ার, বদ্রীনাথ ও গঙ্গোত্রীর মহূর্ত ঘোষণা করে বড় চমক মন্দির কমিটির

শীতের দীর্ঘ বিরতি আর বরফের চাদর সরিয়ে অবশেষে ভক্তদের জন্য খুলে যাচ্ছে কেদারনাথ ধামের দরজা। প্রায় ছয় মাস বন্ধ থাকার পর ফের পুণ্যার্থীদের জয়ধ্বনিতে মুখরিত হতে চলেছে উত্তরাখণ্ডের এই পবিত্র তীর্থক্ষেত্র। রবিবার শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির পক্ষ থেকে চারধাম যাত্রার সেই বহু প্রতীক্ষিত দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
কবে খুলছে কোন মন্দিরের দরজা? মন্দির কমিটির ঘোষণা অনুযায়ী, আগামী ২২ এপ্রিল ভক্তদের জন্য কেদারনাথ মন্দিরের প্রধান ফটক উন্মুক্ত করে দেওয়া হবে। এর ঠিক পরের দিন অর্থাৎ ২৩ এপ্রিল খুলবে বদ্রীনাথ ধামের দরজা। অন্যদিকে, পবিত্র অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে অর্থাৎ ১৯ এপ্রিল খুলে দেওয়া হচ্ছে গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামের দুয়ার।
শীতকালীন বিরামের অবসান প্রতি বছর শীতকালে প্রবল তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে কেদারনাথ মন্দির বন্ধ করে দেওয়া হয়। এই সময়ে বাবা কেদারনাথের বিগ্রহ ধাম থেকে সরিয়ে নিয়ে আসা হয় ওমকারেশ্বর মন্দিরে। দীর্ঘ সময় পর বিগ্রহকে পুনরায় মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
চারধাম যাত্রাকে কেন্দ্র করে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় উত্তরাখণ্ডে। বিশেষ করে কেদারনাথকে ঘিরে ভক্তদের উন্মাদনা থাকে তুঙ্গে। এ বছরও মন্দিরের দরজা খোলার দিনক্ষণ সামনে আসতেই তীর্থযাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।