ভারত আমেরিকা চুক্তির জাদুতে কপাল খুলল শেয়ার বাজারের মাত্র ১৫ দিনেই ঢুকল ২০ হাজার কোটি

ভারত ও আমেরিকার মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সই হতেই ভারতীয় শেয়ার বাজারে টাকার বৃষ্টি শুরু হয়েছে। গত তিন মাসের মন্দা কাটিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহেই বিদেশি বিনিয়োগকারীরা (FPI) ভারতীয় বাজারে প্রায় ১৯,৬৭৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন।
ডিপোজিটরির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সাল এবং ২০২৬-এর জানুয়ারি মাস পর্যন্ত বিদেশি বিনিয়োগের চিত্রটি ছিল অত্যন্ত হতাশাজনক। শুধুমাত্র জানুয়ারিতেই বাজার থেকে ৩৫,৯৬২ কোটি টাকা তুলে নিয়েছিলেন লগ্নিকারীরা। কিন্তু ফেব্রুয়ারির চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়া ১১টি ট্রেডিং সেশনের মধ্যে ৭টিতেই বিদেশি বিনিয়োগকারীরা নিট বায়ার বা শেয়ার ক্রয়ের অবস্থানে ছিলেন।
যদিও আইটি খাতের দুর্বলতার কারণে গত ১৩ ফেব্রুয়ারি নিফটি ৩৩৬ পয়েন্ট পড়েছিল এবং বড় অঙ্কের শেয়ার বিক্রি হয়েছিল, তবুও সামগ্রিক বিনিয়োগের অঙ্কটি ইতিবাচক। বাজার বিশেষজ্ঞদের মতে, আমেরিকার সঙ্গে এই বাণিজ্যিক সুসম্পর্ক আগামী মাসগুলোতে ভারতীয় শেয়ার বাজারে বিদেশি পুঁজির প্রবাহ আরও বাড়িয়ে তুলবে।