ওডিশার বৈতরণী নদীর তীরে কবরের নিস্তব্ধতা ভেঙে গায়েব হচ্ছে একের পর এক লাশ

ওডিশার বৈতরণী নদীর তীরে কবরের নিস্তব্ধতা ভেঙে গায়েব হচ্ছে একের পর এক লাশ

NEWS DESK : ওডিশার ভদ্রক জেলার মনিনাথপুর গ্রামে গত এক দশক ধরে এক শিউরে ওঠা রহস্য দানা বেঁধেছে। গ্রাম সংলগ্ন বৈতরণী নদীর তীরের কবরস্থান থেকে গত ১০ বছরে অন্তত ২০টি মৃতদেহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে। অতি সম্প্রতি গত দুই মাসের মধ্যে খগেশ্বর সামল, হতবন্ধু বেউরিয়া ও কার্তিক নায়কসহ পাঁচজনের দেহ কবর খুঁড়ে চুরি করা হয়েছে। এই ঘটনায় ভান্ডারিপোখারি থানায় নতুন করে অভিযোগ দায়ের করেছেন আতঙ্কিত গ্রামবাসীরা।

ঘটনার সূত্রপাত হয়েছিল ২০১৬ সালে এক শিশুর দেহ চুরির মাধ্যমে। এরপর ২০১৭ এবং ২০২৫ সালেও ধারাবাহিকভাবে একাধিক দেহ গায়েব হওয়ার খবর মিলেছে। স্থানীয়দের দাবি অনুযায়ী, নিখোঁজ দেহের সংখ্যা ১৫ ছাড়িয়েছে। প্রতিটি ঘটনার পর কবরের আশেপাশে মদের বোতল, জল, পচা মাংস ও কাপড়ের টুকরো পড়ে থাকতে দেখা গেছে। এই আলামতগুলি দেখে গ্রামবাসীদের একাংশের প্রবল সন্দেহ যে, মৃতদেহগুলি হয়তো কোনো অশুভ তন্ত্রসাধনা বা ব্ল্যাক ম্যাজিকের কাজে ব্যবহার করা হচ্ছে।

অন্যদিকে, এই চক্রের পিছনে কোনো আন্তর্জাতিক অঙ্গ পাচারকারী গোষ্ঠীর হাত থাকার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না গ্রামের বাসিন্দারা। বারবার পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে জনমনে। কবরের পবিত্রতা রক্ষা এবং মৃতদের মরদেহের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

ভদ্রকের এসপি মনোজ রাউতের নির্দেশে বর্তমানে ভান্ডারিপোখারি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কেন বারবার একই গ্রামকে লক্ষ্য করে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটছে এবং অপহৃত দেহগুলি কোথায় যাচ্ছে, সেই রহস্য উদ্ঘাটন করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এক অজানা আতঙ্কে দিন কাটছে মনিনাথপুর গ্রামের সাধারণ মানুষের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *