তৃণমূল নেতাদের টার্গেট করছে সাইবার অপরাধীরা, ভিডিও কল করে ব্ল্যাকমেলের চেষ্টা

তৃণমূল নেতাদের টার্গেট করছে সাইবার অপরাধীরা, ভিডিও কল করে ব্ল্যাকমেলের চেষ্টা

NEWS DESK : ফের সাইবার প্রতারকদের নিশানায় ব্যারাকপুরের হেভিওয়েট নেতারা। এবার তৃণমূলের শহর সভাপতি তথা কাউন্সিলর সম্রাট তপাদারকে কুরুচিকর ভিডিও এবং এডিট করা ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল। একের পর এক জনপ্রতিনিধিকে এভাবে নিশানা করায় শিল্পাঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, রবিবার বিকেল ৪টে নাগাদ সম্রাটবাবুর হোয়াটসঅ্যাপ নম্বরে একটি অজানা ভিডিও কল আসে। কলটি রিসিভ করতেই ওপার থেকে তাঁকে কিছু আপত্তিকর ছবি ও এডিট করা ভিডিও দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা না দিলে সেই সমস্ত ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় দুষ্কৃতীরা। তবে প্রতারকদের পাতা ফাঁদে পা না দিয়ে তৎক্ষণাৎ বিষয়টি নিয়ে ব্যারাকপুর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন ওই তৃণমূল নেতা। তিনি এই ঘটনার প্রেক্ষিতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উল্লেখ্য, ব্যারাকপুরে রাজনৈতিক ব্যক্তিত্বদের ডিজিটাল মাধ্যমে হেনস্তা করার ঘটনা এটাই প্রথম নয়। এর কয়েকদিন আগেই ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস এবং টিটাগড়ের প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীকে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। একের পর এক এমন ঘটনায় সাধারণ মানুষ তো বটেই, জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *