জম্মু কাশ্মীরে ৮ হাজার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত, বড়সড় হাওয়ালা চক্র ফাঁস করল প্রশাসন

NEWS DESK : জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক স্তরের এক বিশাল হাওয়ালা ও সাইবার প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা। তদন্তে নেমে গত তিন বছরে উপত্যকাজুড়ে ৮ হাজারেরও বেশি ‘মিউল অ্যাকাউন্ট’ বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই অ্যাকাউন্টগুলি মূলত সাইবার জালিয়াতি এবং বিভিন্ন জঙ্গিগোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদী শক্তির দেশবিরোধী কার্যকলাপে আর্থিক মদত জোগানোর জন্য ব্যবহৃত হচ্ছিল।
তদন্তকারী কর্মকর্তাদের মতে, এই চক্রে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। অপরাধীরা নির্দিষ্ট কমিশনের বিনিময়ে তৃতীয় ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিত। এরপর সেই অ্যাকাউন্টের মাধ্যমে অপরাধের টাকা বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলা হতো, যা প্রযুক্তিগতভাবে ‘মিউল অ্যাকাউন্ট’ নামে পরিচিত। এই বিশাল নেটওয়ার্কের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে জোরদার তল্লাশি শুরু হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জম্মু ও কাশ্মীর পুলিশকে দ্রুত স্থানীয় ব্যাংকগুলোর সঙ্গে সমন্বয় সাধনের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে সতর্ক করার পাশাপাশি মিউল অ্যাকাউন্টের অপব্যবহার রুখতে বিশেষ নজরদারি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। মূলত ২০১৭ সাল থেকে উপত্যকায় বেআইনি আর্থিক লেনদেন বন্ধে এনআইএ যে অভিযান শুরু করেছিল, এটি তারই একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করে জানানো হয়েছে, কারো প্রলোভনে পা দিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট অন্যকে ব্যবহার করতে দেওয়া আইনি অপরাধ। এই চক্রের মূল পান্ডাদের চিহ্নিত করতে ডিজিটাল লেনদেনের উৎসগুলো খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আগামী দিনে এই আর্থিক জালিয়াতি রুখতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।