লালকেল্লা কাঁপানো জঙ্গি ছকের মাস্টারমাইন্ড ‘হোয়াইট কলার’ চিকিৎসকরা

লালকেল্লা কাঁপানো জঙ্গি ছকের মাস্টারমাইন্ড ‘হোয়াইট কলার’ চিকিৎসকরা

NEWS DESK : জম্মু ও কাশ্মীরে ‘হোয়াইট-কলার’ সন্ত্রাসবাদী মডিউলের এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। তদন্তে জানা গেছে, ‘আনসার ইন্টারিম’ নামক একটি নতুন জঙ্গি সংগঠন গড়ে তুলেছিলেন কয়েকজন কট্টরপন্থী চিকিৎসক। এই গোষ্ঠীর মূল লক্ষ্য ছিল উপত্যকার পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড়সড় নাশকতামূলক হামলা চালানো। আল-কায়েদার মদতপুষ্ট সংগঠনগুলোর আদলে নাম রাখা এই চক্রটির মেরুদণ্ড ভাঙতে বর্তমানে মরিয়া নিরাপত্তা বাহিনী।

তদন্তকারীরা জানিয়েছেন, গত বছরের ১০ নভেম্বর দিল্লিতে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো চিকিৎসক উমর-উন নবি এই ষড়যন্ত্রের অন্যতম প্রধান মুখ ছিল। ২০১৬ ও ২০১৮ সালে জঙ্গি সংগঠনে যোগ দিতে ব্যর্থ হয়ে সে নিজেই নেটমাধ্যম দেখে আইইডি তৈরির প্রশিক্ষণ নেয়। ২০২২ সালের এপ্রিল মাসে শ্রীনগরের ইদগায় উমরসহ মুজাম্মেল গনি, আদিল রাদার ও মৌলবি ইরফানের মতো ব্যক্তিরা বৈঠক করে এই নয়া সংগঠনের রূপরেখা তৈরি করে। আদিলকে সংগঠনের প্রধান এবং গনিকে আর্থিক দায়িত্ব দেওয়া হয়েছিল।

সংগঠনটি শক্তিশালী করতে হরিয়ানার সোহনা ও নুহ এলাকা থেকে কৌশলে বিস্ফোরক তৈরির কাঁচামাল ও রাসায়নিক সংগ্রহ করেছিল উমর। তার প্রাথমিক পরিকল্পনা ছিল কোনো ধর্মীয় স্থান বা জনবহুল এলাকায় হামলা চালানো। শেষ পর্যন্ত লালকেল্লার কাছে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সে হামলা চালায়, যাতে অন্তত ১২ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়। বর্তমানে এনআইএ এই ‘হোয়াইট কলার’ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত অন্য সদস্যদের সন্ধানে তল্লাশি অভিযান আরও জোরদার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *