পুলিশকর্মী স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরলেন স্বামী, মাঝরাস্তায় প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন

সাত বছরের সংসার আর ছয় বছরের সন্তান থাকা সত্ত্বেও কাঁথির এক মহিলা পুলিশকর্মী জড়িয়ে পড়েছিলেন পরকীয়ায়। কিন্তু প্রেম দিবসের বিশেষ দিনেই সেই সম্পর্কের চরম পরিণতি দিলেন তাঁর স্বামী। শনিবার কাঁথি শহরের ১১৬বি জাতীয় সড়কে প্রেমিককে নিয়ে ঘোরার সময় স্ত্রীকে হাতেনাতে ধরেন তিনি। তবে মারধর বা অশান্তি নয়, বরং সাথে করে আনা রজনীগন্ধার মালা আর সিঁদুরের কৌটো বের করে জনসমক্ষেই স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দিয়ে দিলেন ওই যুবক।
জানা গিয়েছে, অভিযুক্ত ওই মহিলা পুলিশকর্মী কাঁথিতে কর্মরত। তাঁর স্বামী পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। গত এক বছর ধরে উত্তর ২৪ পরগনার এক যুবকের সঙ্গে ওই মহিলার সোশ্যাল মিডিয়ায় আলাপ ও ঘনিষ্ঠতা তৈরি হয়। ওই যুবক সম্প্রতি কাঁথির দীঘা বাইপাস এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। স্থানীয়দের মাধ্যমেই স্বামী জানতে পারেন যে, তাঁর স্ত্রী মাঝেমধ্যেই সেখানে যাতায়াত করেন।
শনিবার দুপুরে যখন ওই মহিলা তাঁর প্রেমিকের হাত ধরে জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলেন, তখনই পরিকল্পনা মাফিক সেখানে হাজির হন তাঁর স্বামী। পথচলতি মানুষের ভিড় জমিয়ে তিনি স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা ফাঁস করেন এবং নিজের হাতে প্রেমিকের হাতে সিঁদুর তুলে দিয়ে স্ত্রীর সিঁথি রাঙিয়ে দিতে বাধ্য করেন।
এই নাটকীয় ঘটনার পর ওই যুবক তাঁর স্ত্রী ও প্রেমিককে নিয়ে সোজা কাঁথি থানায় হাজির হন এবং পুলিশকে সমস্ত বিষয়টি জানান। তবে ঘটনার মোড় ঘোরে সন্ধ্যার পর, যখন ওই মহিলা পুলিশকর্মী উল্টে তাঁর স্বামীর বিরুদ্ধেই থানায় নির্যাতনের অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, স্বামী প্রায়শই তাঁর ও সন্তানের ওপর অত্যাচার চালাতেন। অন্যদিকে স্বামীর পাল্টা প্রশ্ন, যদি অত্যাচারই হতো তবে এতদিন কেন অভিযোগ করেননি স্ত্রী? বর্তমানে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।