মার্কিন চুক্তিতে কি বিপদে দেশের কৃষকরা? পাঁচটি বিস্ফোরক প্রশ্নে মোদী সরকারকে বিঁধলেন রাহুল গান্ধী

মার্কিন চুক্তিতে কি বিপদে দেশের কৃষকরা? পাঁচটি বিস্ফোরক প্রশ্নে মোদী সরকারকে বিঁধলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি: ভারত ও আমেরিকার মধ্যে বহুল চর্চিত বাণিজ্য চুক্তি নিয়ে এবার রণংদেহি মেজাজে ধরা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি ‘কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলে পাঁচটি কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। রাহুলের দাবি, এই চুক্তির আড়ালে ভারতের ডেইরি এবং কৃষিক্ষেত্রকে আমেরিকার হাতে তুলে দেওয়া হচ্ছে।

কংগ্রেস সাংসদ তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে আশঙ্কা প্রকাশ করেছেন যে, আমেরিকা থেকে জেনেটিক্যালি মডিফায়েড (জিএম) ভুট্টা ও সয়াবিন আমদানির ফলে ভারতীয় চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন। বিশেষ করে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানের সয়াবিন চাষিরা আন্তর্জাতিক বাজারের আসাম প্রতিযোগিতায় দেউলিয়া হতে পারেন বলে তাঁর মত। রাহুল আরও প্রশ্ন তুলেছেন, এই চুক্তির ফলে কি ভবিষ্যতে ডাল ও অন্যান্য মার্কিন পণ্যের জন্য ভারতের দরজা অবাধে খুলে দেওয়া হলো? ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি ব্যবস্থা কি এর ফলে সঙ্কটে পড়বে?

পাল্টা আসরে নেমেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গান্ধীনগরের এক অনুষ্ঠানে রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, বাণিজ্য চুক্তি নিয়ে বিরোধী দলনেতা সম্পূর্ণ ‘মিথ্যা’ এবং ‘ভ্রান্ত’ তথ্য ছড়াচ্ছেন। শাহের দাবি, কংগ্রেসের ইতিহাসই হলো কৃষকদের বিপথে চালিত করা। সংসদের ‘শাহজাদা’র এই বক্তব্যকে হাস্যকর বলে উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন যে, দেশের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো পদক্ষেপ সরকার নেবে না।

চুক্তি ঘিরে দিল্লি ও গান্ধীনগরের এই কথার লড়াই এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। একদিকে রাহুল যখন কৃষকদের রক্ষাকবচ হারানোর ভয় দেখাচ্ছেন, অন্যদিকে শাহ তখন একে কংগ্রেসের সাজানো গল্প বলে উড়িয়ে দিচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *