নিজেদের জামাইকেও রেয়াত করলেন না আফ্রিদি, ভারত ম্যাচে লজ্জাজনক হারের পর বাবরদের দল থেকে ছেঁটে ফেলার নিদান

নিজেদের জামাইকেও রেয়াত করলেন না আফ্রিদি, ভারত ম্যাচে লজ্জাজনক হারের পর বাবরদের দল থেকে ছেঁটে ফেলার নিদান

NEWS DESK : ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে শোচনীয় পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেটে গৃহযুদ্ধ শুরু হয়েছে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ভারতের কাছে ৬১ রানে হার যেন কিছুতেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। এই আবহে পাক ক্রিকেটের কিংবদন্তি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি এক টেলিভিশন শো-তে বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, ব্যর্থতার দায়ে বাবর আজম ও শাদাব খানের পাশাপাশি তাঁর নিজের জামাই শাহিন আফ্রিদি কেউ জাতীয় দল থেকে ছেঁটে ফেলা উচিত।

আফ্রিদির মতে, এই সিনিয়র ক্রিকেটাররা দীর্ঘদিন ধরে দলে থাকলেও প্রত্যাশিত ফলাফল দিতে পারছেন না। তাই নামিবিয়ার মতো দলের বিরুদ্ধে জুনিয়রদের সুযোগ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সময় এসেছে। ভারতের বিরুদ্ধে শাহিন আফ্রিদি মাত্র ২ ওভারে ৩১ রান বিলিয়ে দেন এবং বাবর আজম মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। সিনিয়রদের এমন দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্সই পাকিস্তানের হারের মূল কারণ বলে মনে করছেন তিনি।

শাহিদ আফ্রিদির এই চরম সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন প্রাক্তন পাক ব্যাটার মহম্মদ ইউসুফও। তিনিও সমাজমাধ্যমে সরব হয়ে দাবি করেছেন যে, বাবর, শাহিন এবং শাদাবের টি-টোয়েন্টি ক্যারিয়ার এখন শেষের পথে। তাঁদের বদলে নতুন প্রতিভাদের জায়গা করে দেওয়া উচিত বলে তিনি সওয়াল করেন। সব মিলিয়ে ভারতের কাছে হারের পর পাক ড্রেসিংরুমে যে ঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তা এখন বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *