মৃত্যুর পরও কি কাজ করে মস্তিষ্ক? চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন চিকিৎসকরা

NEWS DESK : মৃত্যুর ঠিক পরবর্তী মুহূর্তে মানুষের অভিজ্ঞতা কেমন হয়, তা নিয়ে দীর্ঘকাল ধরে কৌতূহল রয়েছে বিজ্ঞানী ও সাধারণ মানুষের মনে। সম্প্রতি নিউইয়র্কের এনওয়াইইউ ল্যাঙ্গোন মেডিকেল সেন্টারের চিকিৎসক ড. স্যাম পर्नিয়া ও তার গবেষক দল ‘লাইফ আফটার ডেথ’ বা মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। গবেষণায় দাবি করা হয়েছে, হৃদস্পন্দন থেমে যাওয়ার পরও মানুষের মস্তিষ্ক বেশ কিছুক্ষণ সক্রিয় থাকে, যার ফলে মৃত ব্যক্তি তার চারপাশের শব্দ শুনতে বা পরিস্থিতি অনুভব করতে সক্ষম হতে পারেন।
আমেরিকা ও ব্রিটেনের ২৫টি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ‘ক্লিনিক্যাল ডেথ’ বা চিকিৎসাগতভাবে মৃত ঘোষিত হওয়া ৫৩ জন রোগীর ওপর এই গবেষণা চালানো হয়। পুনরুজ্জীবিত হওয়া ওই রোগীরা জানান, হৃদস্পন্দন বন্ধ হওয়ার পরও তারা হাসপাতালের ঘরের ভেতরে কী ঘটছিল, তা স্পষ্টভাবে মনে করতে পারছিলেন। এমনকি চিকিৎসকরা যখন তাদের মৃত ঘোষণা করছিলেন বা বাঁচানোর চেষ্টা ছেড়ে দিচ্ছিলেন, সেই কথাগুলোও তাদের কানে পৌঁছাচ্ছিল। গবেষকদের মতে, ওই সময় রোগীরা নিজেদের শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার এক অদ্ভুত অনুভূতি লাভ করেন।
গবেষণায় দেখা গেছে, চিকিৎসাগতভাবে মৃত ব্যক্তিদের মস্তিষ্কে গামা, ডেল্টা এবং আলফার মতো তরঙ্গগুলোর উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটে, যা মানুষের চিন্তা ও সচেতনতার সঙ্গে যুক্ত। সাধারণত ধারণা করা হয় যে, অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ার ১০ মিনিটের মধ্যে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হয়। তবে এই গবেষণার ফলাফল বলছে, হৃদস্পন্দন থামার ৩৫ থেকে ৬০ মিনিট পরও মস্তিষ্ক বৈদ্যুতিক সংকেত প্রদর্শনে সক্ষম। ‘রিসাসিটেশন’ জার্নালে প্রকাশিত এই তথ্য প্রমাণ করে যে, মানব মস্তিষ্ক প্রতিকূল পরিস্থিতিতেও ভাবনার চেয়ে অনেক বেশি সময় সক্রিয় থাকতে পারে।