ইডেনেই কি দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ মহারণ

ইডেনেই কি দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ মহারণ

NEWS DESK : বিশ্বকাপে পাক-বধের পরেই সুপার এইটের টিকিট নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া। কলম্বোর মাঠে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সূর্যকুমার যাদবরা এখন ফুরফুরে মেজাজে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি এখন নেহাতই নিয়মরক্ষার হয়ে দাঁড়ালেও, ক্রিকেটপ্রেমীদের নজর এখন সুপার এইটের হাইভোল্টেজ সূচির দিকে। আইসিসির নিয়ম অনুযায়ী, ভারত তাদের গ্রুপে যে অবস্থানেই শেষ করুক না কেন, নক-আউট পর্বে তারা ‘এক্স ১’ হিসেবেই খেলবে।

সুপার এইটের লড়াইয়ে ভারতের প্রথম বড় ম্যাচটি হতে চলেছে আগামী ১ মার্চ। কলকাতার ইডেন গার্ডেন্সে সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের মুখোমুখি হবে ভারত। সিডিউল অনুযায়ী, ‘এক্স ১’ বনাম ‘এক্স ৩’ গ্রুপের এই ম্যাচটি ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তিলোত্তমায়। প্রতিটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে।

ইডেনের সেই লড়াই ছাড়াও সুপার এইটে ভারতের আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি আমদাবাদে এবং ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মাঠে নামবেন সূর্যকুমাররা। বর্তমান পয়েন্ট তালিকা অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের খেলার সম্ভাবনা প্রবল। কারণ প্রোটিয়ারা ইতিমধ্যেই গ্রুপ ডি-র শীর্ষে থেকে সুপার এইট প্রায় নিশ্চিত করে ফেলেছে।

২৬ ফেব্রুয়ারির ম্যাচে ভারতের প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়ার নাম থাকলেও, অজিরা বর্তমানে বেশ চাপে রয়েছে। যদি অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়, তবে তাদের বদলে জ়িম্বাবোয়ের মুখোমুখি হতে পারে ভারত। অঘটন না ঘটলে চেন্নাইয়ের মাঠে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথ দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা। সব মিলিয়ে বিশ্বকাপের পরবর্তী পর্বের লড়াই এখন টানটান উত্তেজনার মুখে দাঁড়িয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *