নয়াদিল্লি হাই কমিশনে বড় রদবদল, মেয়াদ শেষের আগেই প্রেস মিনিস্টারকে সরালেন ইউনূস

নয়াদিল্লি হাই কমিশনে বড় রদবদল, মেয়াদ শেষের আগেই প্রেস মিনিস্টারকে সরালেন ইউনূস

NEWS DESK : নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের প্রেস উইংয়ে বড়সড় রদবদল ঘটিলো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশে প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রবিবার রাতে জনপ্রশাসন মন্ত্রকের পক্ষ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত নয় মাস আগেই তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা নিয়ে কূটনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন।

২০২৪ সালের নভেম্বরে দুই বছরের চুক্তিতে ফয়সাল মাহমুদকে দিল্লির হাই কমিশনে নিয়োগ করেছিল অন্তর্বর্তী সরকার। নিয়োগের শর্তাবলীর ৮ নম্বর ধারা অনুযায়ী তাঁর অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রকের জ্যেষ্ঠ সহকারী সচিব মহম্মদ মামুন শিবলি। তবে ঠিক কী কারণে হঠাৎ এই প্রভাবশালী পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলো, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশে সংসদ নির্বাচনের ফল প্রকাশের ঠিক পরেই এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর যখন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে, ঠিক সেই সন্ধিক্ষণে দিল্লির মিশনে এমন রদবদল বিশেষ ইঙ্গিতবাহী। বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাঁকে ফেরত পাঠানো নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে বিদ্যমান কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকরা।

মঙ্গলবার ঢাকায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ক্ষমতা হস্তান্তরের এই অন্তিম লগ্নে দিল্লির হাই কমিশনের প্রেস উইংয়ে এই পরিবর্তন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন সমীকরণ তৈরি করবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। নবনির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার আগেই অন্তর্বর্তী প্রশাসনের এই চূড়ান্ত সিদ্ধান্ত দিল্লির বাংলাদেশ মিশনে বড় কোনো পরিবর্তনের আগাম বার্তা দিচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *