এক ভিডিওতেই শোরগোল টলিউডে, এবার কি ঘাসফুলে নাম লেখাচ্ছেন সুদীপ্তা

NEWS DESK : টলিউড অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পদার্পণ নিয়ে দীর্ঘদিনের জল্পনা এবার চূড়ান্ত রূপ নিতে চলেছে। সম্প্রতি একটি রাজনৈতিক প্রচারমূলক ভিডিওতে অভিনেত্রীর উপস্থিতি সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছে। ভিডিওটিতে দেখানো হয়েছে, বাংলায় গান গাইতে গিয়ে হেনস্থার শিকার হওয়া সুদীপ্তা দৃপ্তকণ্ঠে প্রতিবাদ জানাচ্ছেন, যেখানে নেপথ্যে ভেসে উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং “বাংলায় জিতে দেখা”র মতো রাজনৈতিক বার্তা। শাসকদলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই অভিনেত্রীর এমন ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে প্রবল চর্চা।
রাজনৈতিক পরিবারে বিয়ে হওয়ার সুবাদে তৃণমূলের সঙ্গে সুদীপ্তার ঘনিষ্ঠতা নতুন নয়। তাঁর শাশুড়ি প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী এবং স্বামী সৌম্য বক্সী উভয়েই শাসকদলের পরিচিত মুখ। তবে আনুষ্ঠানিক যোগদান প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, তিনি এখনও খাতায়-কলমে দলে নাম লেখাননি। সুদীপ্তার কথায়, “মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমায় দলে নেবেন, তবে অবশ্যই যোগ দেব।” দিদির আশীর্বাদ ও নির্দেশ পেলে নির্বাচনী ময়দানে প্রার্থী হিসেবে দায়িত্ব নিতেও তিনি যে মানসিকভাবে প্রস্তুত, সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন অভিনেত্রী।
অন্যদিকে, এই তারকাযোগ নিয়ে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করতে নারাজ তৃণমূল নেতৃত্ব। পার্থ ভৌমিক থেকে শুরু করে অভিনেত্রীর শাশুড়ি স্মিতা বক্সী— প্রত্যেকেরই এক সুর যে, সবটাই নির্ভর করছে দলনেত্রীর সিদ্ধান্তের ওপর। অভিনয় জগত থেকে রাজনীতির আঙিনায় পা রাখলেও নিজের পেশাদার অভিনয় জীবন বজায় রাখতে চান সুদীপ্তা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ভিডিও বার্তা কি তবে কোনো বড় চমকের পূর্বাভাস? রাজনৈতিক মহল এখন সেই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।