অযোগ্যদের হাতেই কি ডুবছে পাকিস্তান ক্রিকেট, পিসিবি প্রধানকে কড়া তোপ দাগলেন শোয়েব

NEWS DESK : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে লজ্জাজনক পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেটের অন্দরে শুরু হয়েছে তীব্র অস্থিরতা। টিম ইন্ডিয়ার কাছে ৬১ রানে পর্যুদস্ত হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) অপেশাদারিত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কিংবদন্তি পেসার শোয়েব আখতার। বিশেষ করে পিসিবি প্রধান মহসিন নকভির যোগ্যতা এবং বড় পদে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ নিয়ে কড়া সমালোচনা করেছেন তিনি। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ সরাসরি অভিযোগ করেছেন যে, ক্রিকেট পরিচালনা সম্পর্কে নূন্যতম ধারণা নেই এমন ব্যক্তিদের হাতে দায়িত্ব দেওয়ায় দেশের ক্রিকেটের এই করুণ দশা।
শোয়েবের নিশানায় কেবল বোর্ড প্রধানই নন, ছিলেন বাবর আজম, শাহিন আফ্রিদি ও শাদাব খানের মতো সিনিয়র ক্রিকেটাররাও। গুরুত্বপূর্ণ ম্যাচে বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও কেন এই খেলোয়াড়দের নিঃশর্ত সমর্থন দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শোয়েবের মতে, যখন একজন অযোগ্য ব্যক্তিকে বড় দায়িত্ব দেওয়া হয়, তখন তিনি কেবল একটি সংস্থাকেই নয়, গোটা দেশের মানকেও কালিমালিপ্ত করেন। এই ধরণের ‘সুপারস্টার’ সংস্কৃতি পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে তিনি দাবি করেন।
বোর্ডরুমের নাটকের পাশাপাশি মাঠেও পাকিস্তানের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেও ভারতের ১৭৫ রান তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৮ ওভারে অলআউট হয়ে ভারতের কাছে পর্যুদস্ত হতে হয় তাঁদের। শোয়েব আখতারের এই আক্রমণাত্মক বার্তা এখন পাকিস্তানের ক্রিকেট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে, যা অদূর ভবিষ্যতে পিসিবি-তে বড় কোনো রদবদলের ইঙ্গিত দিচ্ছে।