পরীক্ষা ছাড়াই এনটিপিসিতে চাকরির দারুণ সুযোগ, হাতছাড়া করবেন না

NEWS DESK : দেশে চাকরির বাজারে বড় ধামাকা নিয়ে এল ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)। ভারত সরকারের এই মহারত্ন পিএসইউ সংস্থায় ৫১৫টি শূন্যপদে ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেইনি (EET)-২০২৬ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি মেধার ভিত্তিতে সরকারি চাকরি পাওয়ার এই সুবর্ণ সুযোগটি যোগ্য প্রার্থীদের জন্য উন্মুক্ত হয়েছে।
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে বি.ই বা বি.টেক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। সাধারণ ও ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৬৫ শতাংশ এবং অন্যান্য সংরক্ষিত বিভাগের জন্য ৫৫ শতাংশ নম্বর প্রয়োজন। আবেদনকারীদের অবশ্যই গেট (GATE) ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত হয়েছে ২৭ বছর, তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
নির্বাচন প্রক্রিয়ায় গেট স্কোরের ওপর ভিত্তি করে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা বা শর্টলিস্ট করা হবে। এরপর নথি যাচাই এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা ই-১ গ্রেডে মাসে ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইট careers.ntpc.co.in-এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করে আবেদন ফি জমা দেওয়ার পর ফর্মটি ডাউনলোড করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ক্যারিয়ার গড়ার এই অনন্য সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীরা নিয়মিত অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।