কিম জং উনের উত্তরসূরি কি ১৩ বছরের কিশোরী কিম জু আয়ে

কিম জং উনের উত্তরসূরি কি ১৩ বছরের কিশোরী কিম জু আয়ে

NEWS DESK : উত্তর কোরিয়ার শাসনক্ষমতার পরবর্তী উত্তরাধিকারী হিসেবে কিম জং উনের ১৩ বছর বয়সী কন্যা কিম জু আয়ের নাম জোরালোভাবে উঠে আসছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, কিম জু আয়ে আনুষ্ঠানিকভাবে উত্তরসূরি মনোনীত হওয়ার অত্যন্ত কাছাকাছি রয়েছেন। এই মাসেই উত্তর কোরিয়ার বড় রাজনৈতিক সম্মেলনে ওয়ার্কার্স পার্টির হাজার হাজার প্রতিনিধিদের সামনে কিম তাঁর কন্যাকে জনসমক্ষে নিয়ে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ২০২২ সালে প্রথমবার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় বাবার সাথে উপস্থিত হয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন এই কিশোরী।

কিম জু আয়ের এই আকস্মিক উত্থান উত্তর কোরিয়ার রক্ষণশীল ও পুরুষ-শাসিত রাজনৈতিক কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর আগে পিয়ংইয়ংয়ের নেতৃত্বে কোনো নারীকে ভাবা না হলেও, বর্তমানে সামরিক কুচকাওয়াজ থেকে শুরু করে কারখানা পরিদর্শন—সবখানেই কিম জং উনের ছায়াসঙ্গী হিসেবে দেখা যাচ্ছে জু আয়েকে। এমনকি বেইজিং সফরেও তিনি বাবার সাথে চিনা নেতৃত্বের মুখোমুখি হয়েছিলেন। বিশেষজ্ঞ মহলের মতে, কিম জং উন তাঁর ক্ষমতা আরও সুসংহত করতেই নিজের কন্যাকে আগাম প্রস্তুত করছেন।

তবে এই উত্তরাধিকার মনোনয়নকে কেন্দ্র করে কিম পরিবারে ক্ষমতার লড়াইয়ের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। উত্তর কোরিয়ার দ্বিতীয় শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত কিম জং উনের বোন কিম ইয়ো জং এই কিশোরীর পথে প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারেন। ৩৮ বছর বয়সী ইয়ো জংয়ের হাতে শক্তিশালী রাজনৈতিক ও সামরিক সমর্থন রয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের মতে, সুযোগ পেলে ইয়ো জং নিজেও শীর্ষ পদের দাবিদার হতে পারেন। অতীতে নিজের কাকা ও সৎ ভাইকে সরিয়ে কিম জং উনের ক্ষমতা দখলের রক্তক্ষয়ী ইতিহাস এই পারিবারিক দ্বন্দ্বের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে।

বর্তমানে পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া দ্রুতগতিতে ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় কিম পরিবারের অভ্যন্তরীণ সমীকরণ দেশটির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কিম জু আয়ে কি শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার প্রথম নারী শাসক হতে পারবেন, নাকি পিসির সাথে ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়বেন, তা নিয়ে এখন বিশ্বজুড়ে প্রবল কৌতূহল তৈরি হয়েছে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *