২০২৭ সাল থেকেই কি বেকারত্বের প্রবল আশঙ্কা

NEWS DESK : ২০২৭ সালের মধ্যেই বিশ্বজুড়ে চাকরির বাজার ওলটপালট করে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। লুইসভিল বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ল্যাবের পরিচালক তথা বিখ্যাত গবেষক রোমান ইয়াম্পোলস্কি এক চাঞ্চল্যকর পূর্বাভাসে জানিয়েছেন, ২০২৭ থেকে ২০৩০ সালের মধ্যে ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স’ বা এজিআই-এর কারণে প্রায় ৯৯ শতাংশ চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে। মানুষের বদলে অধিকাংশ মেধাভিত্তিক কাজ এখন এআই-এর মাধ্যমেই সম্পন্ন হবে বলে তিনি সতর্ক করেছেন।
গবেষকদের মতে, বর্তমানের প্রায় ৬০ শতাংশ কাজ ইতিমধ্যেই এআই দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব। প্রাথমিক ধাক্কাটি কম্পিউটার নির্ভর পেশাগুলোতে এলেও, ২০৩০ সালের মধ্যে কায়িক শ্রমের ক্ষেত্রেও মানুষের জায়গা নিতে পারে উন্নত রোবট। মাইক্রোসফটের এআই প্রধান মুস্তাফা সুলেমানও এই আশঙ্কায় সীলমোহর দিয়ে জানিয়েছেন যে, খুব দ্রুতই ‘হোয়াইট কলার’ বা উচ্চপদস্থ অফিসিয়াল চাকরিগুলো বড় ধরনের চাপের মুখে পড়তে চলেছে।
তবে এই গণ-বেকারত্বের আশঙ্কার মাঝেও পাঁচটি বিশেষ পেশা টিকে থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে ধনকুবেরদের ব্যক্তিগত পরিষেবা, থেরাপি ও কাউন্সেলিংয়ের মতো মানবিক সংযোগভিত্তিক কাজ, এআই তদারকি বিশেষজ্ঞ, এআই প্রশিক্ষক এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং। যদিও ইয়াম্পোলস্কি সতর্ক করেছেন যে, প্রযুক্তি যত বেশি স্বয়ংসম্পূর্ণ হবে, এই কাজগুলোর চাহিদাও সময়ের সাথে সাথে ক্রমশ হ্রাস পেতে পারে।
প্রযুক্তির এই জয়যাত্রা মানুষের জীবন সহজ করবে নাকি রুজি-রুটি কেড়ে নেবে, তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে তীব্র বিতর্ক। আগামী কয়েক বছরই নির্ধারণ করবে মানবসভ্যতার কর্মসংস্থানের ভবিষ্যৎ কোন দিকে মোড় নিতে চলেছে।