ভারতের কাছে হারের ধাক্কায় কি দিশেহারা পাকিস্তান অধিনায়ক

ভারতের কাছে হারের ধাক্কায় কি দিশেহারা পাকিস্তান অধিনায়ক

NEWS DESK : ক্রিকেট দুনিয়ায় ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ মানেই টানটান উত্তেজনা আর প্রবল মানসিক চাপ। রবিবার কলম্বোর মাঠে ভারতের কাছে ৬১ রানে পর্যুদস্ত হওয়ার পর সেই চাপের মুখে নতিস্বীকার করতে দেখা গেল পাক অধিনায়ক সালমান আলি আঘাকে। হারের ধাক্কা সামলাতে না পেরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিশ্বকাপের সূচিই গুলিয়ে ফেললেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই নেটদুনিয়ায় চর্চা শুরু হয়েছে।

পাকিস্তানের সামনে এখনও সুপার এইটে ওঠার সুযোগ থাকলেও, সালমান বারবার সেটিকে ‘সুপার ফোর’ বলে উল্লেখ করেন। নামিবিয়ার বিরুদ্ধে আগামী ম্যাচের পরিকল্পনা জানাতে গিয়ে তিনি বলেন, পরবর্তী ম্যাচ জিতে তারা ‘সুপার ফোরে’ উঠতে চান। অথচ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে সুপার ফোর বলে কোনও পর্যায় নেই। অধিনায়কের এই ভুল তথ্যের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতে সময় নেয়নি, যা সমর্থকদের মধ্যে হাসির খোরাক জুগিয়েছে।

ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে সালমান স্বীকার করে নেন যে, পাওয়ার প্লে-তে দ্রুত উইকেট হারানোই তাদের হারের মূল কারণ। ১৭৬ রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। বোলারদের ব্যর্থতা নিয়েও মুখ খোলেন তিনি। বিশেষ করে দলের ছয় স্পিনার পরিকল্পনা মাফিক পারফর্ম করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন পাক অধিনায়ক।

ম্যাচ শেষে সালমান অকপটে জানান, ভারতের বিরুদ্ধে স্নায়ুর লড়াইয়ে তারা ডাহা ফেল করেছেন। শ্রীলঙ্কার কঠিন পিচে শুরুতে বোলাররা সুবিধা করতে পারেননি এবং পরে ব্যাটাররাও সেই চাপ সামলাতে ব্যর্থ হন। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে এই লজ্জাজনক হার এবং বিশ্বকাপের সূচি নিয়ে অধিনায়কের এমন বিভ্রান্তি পাকিস্তান শিবিরের টালমাটাল অবস্থাকেই যেন প্রকাশ্যে এনে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *