গাজ়ার পুনর্গঠনে ৫০০ কোটি ডলারের বিশাল প্যাকেজ ঘোষণা ট্রাম্পের

গাজ়ার পুনর্গঠনে ৫০০ কোটি ডলারের বিশাল প্যাকেজ ঘোষণা ট্রাম্পের

NEWS DESK : যুদ্ধবিধ্বস্ত গাজ়ার ভোল পাল্টে দিতে এবার বড়সড় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সমাজমাধ্যমে এক পোস্টে তিনি দাবি করেছেন, নবগঠিত ‘বোর্ড অফ পিস’-এর সদস্য রাষ্ট্রগুলি গাজ়ার পুনর্গঠনের জন্য ৫০০ কোটি ডলারেরও বেশি অর্থসাহায্যের আশ্বাস দিয়েছে। আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে এই আন্তর্জাতিক গোষ্ঠীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে, যেখান থেকে এই বিশাল অঙ্কের তহবিলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

ট্রাম্প জানিয়েছেন, কেবল আর্থিক সাহায্যই নয়, গাজ়ার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক শান্তিবাহিনীতে সেনা পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছে সদস্য দেশগুলি। গত ২৩ জানুয়ারি দাভোসে এই শান্তিগোষ্ঠীর যাত্রা শুরু হয়েছিল। ট্রাম্পের লক্ষ্য হলো এই বোর্ডের মাধ্যমে গাজ়ায় শান্তি ফিরিয়ে আনা এবং পরবর্তীতে বিশ্বজুড়ে বিভিন্ন সংকটের সমাধান করা। এই গোষ্ঠীর স্থায়ী সদস্যপদ পেতে দেশগুলোকে ১০০ কোটি ডলার করে দিতে হবে বলে জানানো হয়েছে।

তবে এই উদ্যোগকে ঘিরে কূটনৈতিক মহলে তৈরি হয়েছে নানা জল্পনা। ভারতসহ প্রায় ৬০টি দেশকে আমন্ত্রণ জানানো হলেও এখন পর্যন্ত মাত্র ২০টি দেশ এই আহ্বানে সাড়া দিয়েছে। গত মাসে দাভোসে আয়োজিত বৈঠকে পাকিস্তান, কাতার, সৌদি আরব এবং তুরস্কের মতো ১৯টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিল ভারত ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। রাষ্ট্রপুঞ্জের বিকল্প শক্তি হিসেবে এই ‘বোর্ড অফ পিস’ কাজ করবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *