প্রযুক্তির দুনিয়ায় ভারতের জয়জয়কার, আজ বিকেলে মোদীর হাত ধরে শুরু এআইয়ের মহাকুম্ভ

NEWS DESK : বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের নজর কেড়ে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় ভারত। আজ, ১৬ ফেব্রুয়ারি থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। বিকেল ৫টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে এই মেগা ইভেন্টের উদ্বোধন করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ভবিষ্যৎ নির্ধারণে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ৬৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন, যা ভারতের প্রযুক্তিগত সক্ষমতাকে বিশ্বদরবারে নতুন করে চিনিয়েছে।
এই সম্মেলনে যোগ দিতে ভারতে চাঁদের হাট বসেছে। গুগল সিইও সুন্দর পিচাই এবং ওপেনএআই-এর স্যাম অল্টম্যান ছাড়াও ডিপমাইন্ড, অ্যাডোবি ও কোয়ালকমের মতো প্রায় ৪০টি শীর্ষ প্রযুক্তি সংস্থার প্রধানরা এখানে উপস্থিত থাকছেন। শুধু প্রযুক্তিবিদরাই নন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মতো বিশ্বনেতারাও এই সম্মেলনে অংশ নিচ্ছেন। আয়োজকদের প্রত্যাশা, এই মঞ্চ থেকেই এআই ব্যবহারের ভবিষ্যৎ দিশা নিয়ে একটি ঐতিহাসিক আন্তর্জাতিক ঐকমত্য তৈরি হতে পারে।
সামিটের গুরুত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, এই আয়োজন ভারতের যুবসমাজের মেধা ও সম্ভাবনার প্রতিফলন। বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতি ভারতকে বিশ্বব্যাপী উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। আজ উদ্বোধনের পর ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য এই এক্সপোর দরজা খোলা থাকবে। বিশ্বব্যাপী এআই ইকোসিস্টেমে নতুন অংশীদারিত্ব গড়ে তোলা এবং সামাজিক উন্নয়নে প্রযুক্তির সঠিক ব্যবহারই এই মহাকুম্ভের মূল লক্ষ্য।