মমতা সরকারকে রুখতে বিজেপির মেগা প্ল্যান, রথযাত্রা ও ব্রিগেড সমাবেশের প্রস্তুতি তুঙ্গে

NEWS DESK : ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নামছে গেরুয়া শিবির। তৃণমূলের ‘যুবশ্রী’ প্রকল্পের পালটা হিসেবে দক্ষিণবঙ্গ জুড়ে বিশাল রথযাত্রার পরিকল্পনা করেছে রাজ্য বিজেপি। শনিবার সল্টলেক কার্যালয়ে দলের কোর কমিটির বৈঠকে এই রণকৌশলে সিলমোহর দেওয়া হয়েছে। ২০১৯, ২০২১ এবং ২০২৪ সালের নির্বাচনে যে ১৫০টি বিধানসভা কেন্দ্রে বিজেপি ভালো ফল করেছিল, মূলত সেই এলাকাগুলিকেই এই রথযাত্রার জন্য বেছে নেওয়া হয়েছে।
বিজেপি সূত্রের খবর, রথযাত্রার সমাপ্তি ঘটবে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসভার মাধ্যমে। এই মেগা সমাবেশে প্রধান বক্তা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনার তোড়জোড় শুরু হয়েছে। ফেব্রুয়ারির শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরের সময় এই বিষয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও অনুরূপ বড় জনসভার পরিকল্পনা রয়েছে দলের।
নির্বাচন কমিশন মার্চের শুরুতে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে, তাই প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াও দ্রুত শেষ করতে চাইছে বিজেপি। জানা গেছে, প্রতিটি আসনের জন্য তিন জন সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করে চলতি মাসেই দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে। গত নির্বাচনে ৭৭টি আসন জিতে প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়া বিজেপি এবার মমতার দুর্গে বড়সড় ভাঙন ধরাতে মরিয়া। দলের রণকৌশল অনুযায়ী, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ শুরু হতে পারে।