মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ করলেই কি মিলবে যুবসাথীর ১৫০০ টাকা

NEWS DESK : রাজ্যে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তারা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সম্প্রতি রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘স্বনির্ভর বাংলা’ বিশেষ ক্যাম্প, যেখানে এই প্রকল্পের আবেদন গ্রহণ করা হচ্ছে। তবে এই মুহূর্তে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দেওয়া পড়ুয়াদের মনে প্রশ্ন জেগেছে যে, পরীক্ষার ফলাফল প্রকাশের পরেই কি তারা এই বিপুল জনমোহিনী প্রকল্পের সুবিধা নিতে পারবেন?
সরকারি নিয়ম অনুযায়ী, যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীর বয়স অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। যেহেতু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের গড় বয়স সাধারণত ১৬ থেকে ১৯ বছরের মধ্যে থাকে, তাই বয়সের এই কড়াকড়ির কারণে তারা আপাতত এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তবে কলেজ উত্তীর্ণ বা ২১ বছর পূর্ণ হয়েছে এমন বেকার যুবক-যুবতীরা এই ভাতার জন্য সম্পূর্ণ যোগ্য বলে বিবেচিত হবেন।
এই প্রকল্পের বিশেষত্ব হলো, যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস, ঐক্যশ্রী বা মেধাশ্রীর মতো সরকারি স্কলারশিপ পান, তারাও যুবসাথীর টাকা পাওয়ার সুযোগ পাবেন। তবে লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী বা কোনো সরকারি-বেসরকারি চাকরিতে কর্মরত থাকলে এই সুবিধা মিলবে না। যোগ্য আবেদনকারীরা টানা ৫ বছর এই আর্থিক সহায়তা পাবেন এবং পাঁচ বছর পর চাকরি না পেলে পুনরায় নাম নথিভুক্ত করার সুযোগ থাকবে।
যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইন ভিত্তিক। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশেষ ক্যাম্পগুলি চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (ছুটির দিন ব্যতীত) এই ক্যাম্প থেকে পরিষেবা পাওয়া যাবে। আগামী ১ এপ্রিল থেকে এই প্রকল্পের সুবিধা প্রদান শুরু হবে এবং যোগ্য ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে।