শিব মন্দিরে সিসিটিভি আর পাহারাদার বসানোর পুলিশি নির্দেশে তুঙ্গে রাজনৈতিক তরজা

শিব মন্দিরে সিসিটিভি আর পাহারাদার বসানোর পুলিশি নির্দেশে তুঙ্গে রাজনৈতিক তরজা

NEWS DESK : শিব মন্দিরে সিসিটিভি ক্যামেরা বসানো এবং নিরাপত্তারক্ষী নিয়োগের নির্দেশিকা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। সম্প্রতি শিবরাত্রির পুণ্যলগ্নে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার পক্ষ থেকে স্থানীয় মন্দির কমিটিগুলোকে এই মর্মে চিঠি পাঠানো হয়। পুলিশের এই ‘উপদেশ’ দেওয়াকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন ও পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সামাজিক মাধ্যমে পুলিশি চিঠির ছবি পোস্ট করে বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন, মন্দিরের নিরাপত্তার দায়ভার কি কেবল কমিটির, পুলিশের নয়? তিনি রাজ্য পুলিশকে ‘জামাতি পুলিশ’ বলে কটাক্ষ করে অভিযোগ করেন যে, পুলিশ কেবল হিন্দুদের ধর্মীয় উৎসবের ক্ষেত্রেই নিরাপত্তার অভাব দেখিয়ে দায় এড়াতে চাইছে। তাঁর প্রশ্ন, অন্যান্য ধর্মস্থলের ক্ষেত্রেও কি এমন নোটিশ পাঠানো হয়, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে কেবল হিন্দুদের উৎসবকেই টার্গেট করা হচ্ছে?

বিজেপির পক্ষ থেকে দীর্ঘ দিন ধরেই অভিযোগ করা হচ্ছে যে, রাজ্যে মন্দিরে চুরি ও বিগ্রহ ভাঙচুরের ঘটনা বাড়লেও পুলিশ উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে না। যদিও শাসকদল তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনায় পুলিশ কড়া ব্যবস্থা নিচ্ছে। এই বিতর্ক নিয়ে নন্দকুমার থানা বা পুলিশের উচ্চপদস্থ কর্তারা এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো মন্তব্য করেননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *