পিচাই-অল্টম্যান-আম্বানির সঙ্গে মোদী সরকারের AI বৈঠক! কী হতে চলেছে ভারতের ভবিষ্যৎ?

NEWS DESK : ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ থেকে শুরু হচ্ছে বিশ্বখ্যাত ‘এআই ইমপ্যাক্ট সামিট’। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ভবিষ্যৎ নির্ধারণে আয়োজিত এই মেগা ইভেন্টে যোগ দিতে ভারতে আসছেন বিশ্বের প্রথম সারির প্রযুক্তিবিদ ও রাষ্ট্রপ্রধানরা। সাতটি দেশের প্রেসিডেন্ট, নয়টি দেশের প্রধানমন্ত্রী এবং গুগল সিইও সুন্দর পিচাই, ওপেনএআই-এর স্যাম অল্টম্যান ও রিলায়েন্সের মুকেশ আম্বানির মতো ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই সম্মেলন আন্তর্জাতিক স্তরে এক বিশেষ তাৎপর্য বহন করছে। ভিভিআইপিদের নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর, করা হয়েছে বিশেষ রুট ডাইভারশন।
এই সামিটে মূলত এআই-এর ক্রমবর্ধমান প্রভাব, কর্মসংস্থানের ভবিষ্যৎ এবং বৃহৎ ডেটা সেন্টারগুলির পরিবেশগত প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশেষ অধিবেশনে ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি. অনন্ত নাগেশ্বরনসহ বিশিষ্টরা ‘এআই যুগে কর্মসংস্থান’ নিয়ে বক্তব্য রাখবেন। ৫০০-র বেশি এআই স্টার্টআপ এই সম্মেলনে অংশ নিচ্ছে এবং প্রায় ৫০০টি পৃথক সেশনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ও ঝুঁকি কমানোর উপায়গুলি প্রদর্শিত হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আয়োজন নিয়ে গর্ব প্রকাশ করে সামাজিক মাধ্যম ‘X’-এ জানিয়েছেন, এই সামিট ভারতের যুবসমাজের সম্ভাবনা এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশের দ্রুত অগ্রগতির প্রতিফলন। ভারত যে বিশ্বব্যাপী প্রযুক্তিগত উন্নয়নে নেতৃত্ব দিতে প্রস্তুত, এই সম্মেলন তারই অকাট্য প্রমাণ। আধুনিক এআই সিস্টেমের বিকাশ ও নিয়ন্ত্রণ নিয়ে অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই-এর বিশেষ সেশনটি ঘিরেও ইতিমধ্যে তুঙ্গে উঠেছে কৌতূহল।