ভাইজান না কি বামফ্রন্ট? আলিমুদ্দিনের অস্বস্তি বাড়িয়ে এবার চরম হুঁশিয়ারি ফরওয়ার্ড ব্লকের

NEWS DESK : বাম রাজনীতিতে বড়দা হিসেবে পরিচিত সিপিএম এবার শরিকি কোন্দলে জেরবার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আইএসএফ-এর সঙ্গে জোট করে ব্রিগেডের মঞ্চে কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছিলেন মহম্মদ সেলিমরা। ২০২৬-এর প্রেক্ষাপটে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, তবে এবার বাধা হয়ে দাঁড়িয়েছে বামফ্রন্টেরই অন্যতম শরিক দল ফরওয়ার্ড ব্লক। আব্বাস সিদ্দিকির দলের সঙ্গে কোনোভাবেই আসন সমঝোতায় রাজি নয় তারা। এমনকি জোট হলেও আইএসএফ প্রার্থীকে সমর্থন না করার স্পষ্ট বার্তা দিয়েছেন ফরওয়ার্ড ব্লক সম্পাদক নরেন চট্টোপাধ্যায়।
আলিমুদ্দিনের মাথাব্যথা আরও বাড়িয়েছেন হুমায়ুন কবীর। পাঁচতারা হোটেলে তাঁর সঙ্গে মহম্মদ সেলিমের বৈঠক নিয়ে দলের অন্দরেই সমালোচনার ঝড় উঠেছে। একদিকে আইএসএফ, অন্যদিকে হুমায়ুন কবীরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট করার মরিয়া চেষ্টা চালাচ্ছে সিপিএম। কিন্তু ফরওয়ার্ড ব্লকের সাফ কথা, তারা ৩২টি আসনে প্রার্থী দিতে চায় এবং কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপস করবে না। শরিকি এই বিদ্রোহে বামফ্রন্টের অটুট বন্ধন এখন প্রশ্নের মুখে।
অন্যদিকে, আরএসপি এবং সিপিআই-ও গতবারের তুলনায় এবার বেশি আসন দাবি করছে। আরএসপি বৃহত্তর স্বার্থে আইএসএফ-কে মেনে নিলেও নিজেদের আসনের দাবিতে অনড়। মূলত সংখ্যালঘু ভোট ব্যাংক পুনরুদ্ধারের লক্ষ্যে মহম্মদ সেলিম যে ঘুঁটি সাজাচ্ছেন, তা হিতে বিপরীত হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। শূন্যের গেরো কাটাতে গিয়ে বামেদের ঝুলি শেষ পর্যন্ত শূন্যই থেকে যাবে কি না, তা নিয়ে খোদ বাম শিবিরের অন্দরেই দানা বাঁধছে গভীর সংশয়।