ফেব্রুয়ারির শেষেই ভোটার তালিকায় বড় রদবদল, কাদের নাম বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি

NEWS DESK : পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) প্রক্রিয়ার শুনানি পর্ব শেষ হওয়ার পর এখন তুঙ্গে স্ক্রুটিনির কাজ। আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। তবে সংশোধিত এই তালিকায় বহু মানুষের নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ভোটার তালিকায় থাকা তথ্যের অসঙ্গতি এবং ম্যাপিং সমস্যার কারণে যাঁদের শুনানিতে ডাকা হয়েছিল, তাঁদের একটি বড় অংশই এখন নাম কাটা যাওয়ার ঝুঁকিতে রয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে খবর, শুনানিতে একাধিকবার ডাকা সত্ত্বেও লক্ষ লক্ষ ভোটার নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হননি। এই অনুপস্থিত ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া শুনানির সময় কমিশনের নির্ধারিত ১৩টি নথির মধ্যে কোনোটিই দেখাতে পারেননি এমন ভোটারদের আবেদনও বাতিল হতে পারে। নথিপত্র ছাড়াই যাঁরা কেবল মৌখিক দাবির ভিত্তিতে শুনানিতে অংশ নিয়েছিলেন, তাঁদের নাম চূড়ান্ত তালিকায় থাকার সম্ভাবনা ক্ষীণ।
তদন্তে ভোটারদের জমা দেওয়া তথ্যেও মারাত্মক সব অসঙ্গতি ধরা পড়েছে। স্ক্রুটিনির সময় দেখা গেছে, অনেকেরই জন্মের আগের তারিখে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, আবার কারও নথিতে অস্বাভাবিক সংখ্যক সন্তানের তথ্য রয়েছে। এই ধরণের জাল বা ভুল তথ্য প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে কমিশন। জালিয়াতির প্রমাণ মিললে নাম বাদ দেওয়ার পাশাপাশি আইনি পদক্ষেপের ইঙ্গিতও দেওয়া হয়েছে।
খসড়া তালিকা থেকে ইতিমধ্যেই প্রায় ৫৮ লক্ষ নাম নিয়ে কাটাছেঁড়া চলছে। প্রাথমিক হিসেবে প্রায় ৬ লক্ষ ২৫ হাজার নাম বাদ পড়ার তালিকা তৈরি হয়েছে, যার বড় অংশই শুনানিতে অনুপস্থিত ছিলেন। তবে স্ক্রুটিনি শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমান প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কমিশন প্রতিটি নথির সূক্ষ্ম যাচাইকরণ চালিয়ে যাচ্ছে।