শপথের পর প্রথম গন্তব্য কি ভারত? মোদীর বিশেষ চিঠি নিয়ে ঢাকা যাচ্ছেন বিদেশ সচিব

NEWS DESK : বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিপুল জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তারেক রহমান। দীর্ঘ সময় পর প্রতিবেশী দেশটিতে পুরুষ প্রধানমন্ত্রী আসার খবরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন নয়া সমীকরণ। এই আবহে নতুন সরকারের সঙ্গে দ্রুত সম্পর্ক স্থাপনে উদ্যোগী হয়েছে নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ আমন্ত্রণপত্র নিয়ে ঢাকা সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। মূলত শপথ গ্রহণের পরপরই তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক প্রস্তাব দিতেই এই তৎপরতা।
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তাঁর সফরসঙ্গী হিসেবেই বিদেশ সচিব ঢাকায় পা রাখবেন। কূটনৈতিক মহলে এখন বড় প্রশ্ন, দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান প্রথম কোন দেশে সফর করবেন? ইতিমদেই ভারত ও পাকিস্তানের পাশাপাশি চিনের থেকেও আমন্ত্রন পেয়েছেন তিনি। তবে গত ১৮ মাসে দুই দেশের সম্পর্কের যে শৈত্য তৈরি হয়েছে, তা কাটাতে নয়াদিল্লি অত্যন্ত আগ্রহী। বিশেষ করে ২০২৬ সালে গঙ্গা জল চুক্তির মেয়াদ শেষ হতে চলায়, তার পুনর্নবীকরণ নিয়ে শীর্ষ পর্যায়ের আলোচনা জরুরি হয়ে পড়েছে।
তারেক রহমান অবশ্য তাঁর বিদেশ নীতিতে ‘সবার আগে বাংলাদেশ’ মন্ত্রে অটল থাকার বার্তা দিয়েছেন। কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে না থেকে তিনি একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখতে চান। ঢাকার একটি সূত্রের খবর, কূটনৈতিক টানাপড়েন এড়াতে তিনি প্রথম সফরে মধ্যপ্রাচ্য বা ইউরোপের কোনো দেশকে বেছে নিতে পারেন। তবে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার স্বার্থে ঢাকা ও নয়াদিল্লির এই সম্ভাব্য বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।