নির্বাচন কমিশনের নজিরবিহীন পদক্ষেপের মুখে রাজ্যের সাত সরকারি আধিকারিক

নির্বাচন কমিশনের নজিরবিহীন পদক্ষেপের মুখে রাজ্যের সাত সরকারি আধিকারিক

NEWS DESK : রাজ্যে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এবার অত্যন্ত কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশন। ভোটার তালিকায় অনিয়ম এবং দায়িত্ব পালনে গুরুতর গাফিলতির অভিযোগে রাজ্যের মোট সাতজন এসিস্ট্যান্ট ইলেক্টরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও-র (AERO) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দিল্লিতে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে তলব করার পর, শুনানি শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ করল কমিশন।

নবান্নে পাঠানো চিঠিতে কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, অভিযুক্ত সাতজন আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করতে হবে এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। এই তালিকায় রয়েছেন ক্যানিং পূর্বের সত্যজিৎ দাস ও জয়দীপ কুণ্ডু, যাঁদের বিরুদ্ধে এর আগেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এ ছাড়াও তালিকায় নাম রয়েছে সুতির শেখ মুর্শিদ খান, ময়নাগুড়ির ডালিয়া রায়চৌধুরি, সামশেরগঞ্জের সেফাদুর রহমান, ফরাক্কার নীতিশ দাস এবং ডেরবার দেবাশিস বিশ্বাসের।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসআইআর (SIR) সংক্রান্ত কাজে গুরুতর অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ক্যাডার কন্ট্রোলিং অথরিটিকে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি তদন্তের অগ্রগতি সম্পর্কে কমিশনকে নিয়মিত অবহিত রাখতে বলা হয়েছে। নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে এমন কড়া বার্তা রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *