২০২৬ সালে বক্স অফিস কাঁপাতে আসছে শাহরুখের কিং সহ এই বিগ বাজেট ছবিগুলি

NEWS DESK : ২০২৬ সালের মোস্ট অ্যান্টিসিপেটেড বা বহু প্রতীক্ষিত ছবির তালিকা প্রকাশ পেতেই উত্তাল সিনেমা মহল। বলিউড থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি—সব মিলিয়ে বড় মাপের তারকাখচিত প্রজেক্ট নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। এই তালিকায় আপাতত সবার উপরে জায়গা করে নিয়েছে শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’। কিং খানকে বড় পর্দায় দেখার জন্য অনুরাগীদের উন্মাদনা ইতিমধ্যেই নজর কেড়েছে।
শাহরুখ অভিনীত ‘কিং’ ছবিতে কিং খানের পাশাপাশি থাকছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চন। মুক্তির আগেই এই মেগা প্রজেক্ট নিয়ে তৈরি হয়েছে ব্যাপক হাইপ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ‘রামায়ণ পার্ট ১’, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাই পল্লবী এবং যশকে। পৌরাণিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে দীর্ঘদিনের কৌতূহল রয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে থালাপথি বিজয়ের শেষ ছবি ‘জনা নায়াগন’। সেন্সর সংক্রান্ত জটিলতার কারণে ছবিটির মুক্তি পিছিয়ে গেলেও দর্শকদের আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। প্রিয় তারকার শেষ কাজ বড় পর্দায় দেখতে মুখিয়ে আছেন তামিল সিনেমার ভক্তরা। অন্যদিকে চতুর্থ স্থানে রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এবং প্রভাস অভিনীত ছবি ‘স্পিরিট’।
সব মিলিয়ে ২০২৬ সাল হতে চলেছে ব্লকবাস্টার হিটের বছর। প্রভাস থেকে শাহরুখ—সব সুপারস্টাররাই তাদের তুরুপের তাস নিয়ে তৈরি। বড় পর্দার এই লড়াইয়ে শেষ পর্যন্ত কোন ছবি বক্স অফিসের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেয়, এখন সেটাই দেখার বিষয়। সিনেমা প্রেমীদের জন্য আগামী বছরটি যে বিনোদনে ঠাসা হতে চলেছে, এই তালিকা তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।