আবু সালেমের আগাম মুক্তির স্বপ্নে জল ঢালল সুপ্রিম কোর্ট

NEWS DESK : মুম্বই বিস্ফোরণকাণ্ডের অন্যতম সাজাপ্রাপ্ত আসামি এবং কুখ্যাত গ্যাংস্টার আবু সালেমের আগাম কারামুক্তির আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ১৯৯৩ সালের ভয়াবহ বিস্ফোরণ মামলায় দণ্ডিত সালেম জেলে ‘ভালো আচরণের’ দোহাই দিয়ে সাজার মেয়াদ কমানোর আবেদন জানিয়েছিলেন। শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, সন্ত্রাসবাদ এবং অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধ আইন বা ‘টাডা’ (TADA)-র আওতায় দোষী সাব্যস্ত কোনো অপরাধীর ক্ষেত্রে এই ধরনের বিশেষ বিবেচনা সম্ভব নয়।
আবু সালেমের আইনজীবীর দাবি ছিল, জেলে ইতিবাচক আচরণের জন্য তাঁর মক্কেলের ৩ বছর ১৬ দিনের সাজা মুকুব করা উচিত। এই ছাড় পেলে এখনই তাঁর জেল থেকে মুক্তি পাওয়ার কথা। তবে সুপ্রিম কোর্ট এই যুক্তি গ্রহণ না করে মামলাটি বম্বে হাই কোর্টে ফেরত পাঠিয়েছে। এর আগে হাই কোর্টও প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছিল যে, সালেমের সাজার মেয়াদ এখনও পূর্ণ হয়নি। কারা দপ্তরের হিসেব অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত সালেম ১৯ বছর ৫ মাস জেল খেটেছেন, যেখানে তাঁর সাজার মেয়াদ ২০৩০ সালে শেষ হওয়ার কথা।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বইয়ে হওয়া ১২টি ধারাবাহিক বিস্ফোরণে ২৫৭ জনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন ৭০০-রও বেশি মানুষ। এই নৃশংস ঘটনার অন্যতম ষড়যন্ত্রকারী সালেমকে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০০৫ সালে পর্তুগাল থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়। এছাড়া ১৯৯৫ সালে মুম্বইয়ের ব্যবসায়ী প্রদীপ জৈন হত্যাকাণ্ডেও তাঁকে দোষী সাব্যস্ত করেছিল বিশেষ টাডা আদালত। বর্তমানে ভারতের সর্বোচ্চ আদালত তাঁর আবেদনে সাড়া না দেওয়ায় সালেমের কারামুক্তির অপেক্ষা আরও দীর্ঘ হলো।