২০২৬ নির্বাচনের আগে পুরুলিয়া তৃণমূলে বিষ্ফোরক স্বীকারোক্তি সুজয় বন্দ্যোপাধ্যায়ের

NEWS DESK : পুরুলিয়া জেলা রাজনীতিতে শোরগোল ফেলে দিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক সুজয় বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রঘুনাথপুর আসনে দলের প্রার্থী হাজারি বাউরি বিজেপির কাছে হারেননি, বরং দলেরই একাংশের অন্তর্ঘাত ও গোষ্ঠীদ্বন্দ্বের কারণে পরাজিত হয়েছেন। রঘুনাথপুরের মধুতুটি লাইব্রেরি মাঠে ২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতি সভায় তাঁর এই মন্তব্য বর্তমানে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে।
উল্লেখ্য, গত নির্বাচনে তৃণমূল প্রার্থী হাজারি বাউরি ৫,২২৩ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। সুজয় বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা দীনেশ শুক্লা পালটা কটাক্ষ করে বলেছেন যে, পায়ের নিচে মাটি নেই বুঝেই তৃণমূল এখন গোষ্ঠীদ্বন্দ্বের অজুহাত দিচ্ছে। তাঁর দাবি, তৃণমূলের কোন্দল মূলত কাটমানির ভাগাভাগি নিয়ে এবং আগামী নির্বাচনে বিজেপি আরও বড় ব্যবধানে জয়ী হবে।
অন্যদিকে, পরাজিত প্রার্থী হাজারি বাউরি সুজয় বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে ব্যক্তিগত মতামত হিসেবে বর্ণনা করলেও হারের পেছনে আফসোসের সুর শোনা গিয়েছে তাঁর গলায়। তবে তিনি আশাবাদী যে, লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়ানোর পর ২০২৬ সালে দলের কর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে রঘুনাথপুর আসনটি পুনরুদ্ধার করবেন। জনসভা ঘিরে তৃণমূল কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।