বছরের প্রথম সূর্যগ্রহণ কবে? Ring of fire কোথা থেকে দেখা যাবে, জানুন

NEWS DESK : ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকে আজ সোমবার গ্রহণের কথা ভাবলেও জ্যোতির্বিজ্ঞানীদের মতে বছরের প্রথম এই মহাজাগতিক ঘটনাটি ঘটতে চলেছে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার। ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩টে ২৬ মিনিটে এই গ্রহণ শুরু হবে এবং শেষ হবে রাত ৭টা ৫৭ মিনিটে। প্রায় ৪ ঘণ্টা ৩২ মিনিট স্থায়ী এই গ্রহণকে ঘিরে কৌতূহল তুঙ্গে।
এই সূর্যগ্রহণের প্রধান আকর্ষণ হলো ‘রিং অফ ফায়ার’ বা বলয়গ্রাস দৃশ্য। চাঁদ যখন সূর্যের সামনে দিয়ে যায় এবং সূর্যের মাঝখানের অংশ ঢেকে দেয়, তখন তার চারপাশ দিয়ে আগুনের বলয়ের মতো আভা দেখা যায়। বিরল এই দৃশ্যটি মাত্র কয়েক মিনিটের জন্য স্থায়ী হয়। ২০২৬ সালে মোট চারটি গ্রহণের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে ১৭ ফেব্রুয়ারির এই সূর্যগ্রহণটিই প্রথম।
মহাকাশপ্রেমীদের জন্য কিছুটা মন খারাপের খবর হলো, এই বিরল দৃশ্য ভারত থেকে দেখা যাবে না। মূলত অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে। আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকার কিছু নির্দিষ্ট অঞ্চলে সূর্যোদয়ের সময় আংশিক গ্রহণ দেখা যেতে পারে। ভারতে গ্রহণ দেখা না যাওয়ায় এখানে সূতক বা ধর্মীয় কোনো বিধিনিষেধ পালনের প্রয়োজনীয়তা নেই বলে জানানো হয়েছে।