ডলারের দাপটে দিশেহারা ভারতীয় টাকা নাস্তানাবুদ সাধারণ মানুষ

NEWS DESK : আন্তর্জাতিক বাজারে ডলারের ক্রমবর্ধমান শক্তির মুখে ভারতীয় মুদ্রার রেকর্ড পতন অব্যাহত রয়েছে। সোমবার লেনদেনের শুরুতে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় মূল্য ৯০.৭১ স্তরে নেমে যাওয়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। মূলত ডলার ইনডেক্স ৯৬.৯৩ পয়েন্টে পৌঁছে যাওয়ায় উদীয়মান অর্থনীতির দেশগুলোর মুদ্রার উপর প্রবল চাপ সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতির জেরে আগামী দিনে আমদানিকৃত পণ্য বিশেষ করে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ভারতীয় মুদ্রার এই ক্রমাগত দুর্বলতার পেছনে চারটি প্রধান কারণ চিহ্নিত করেছেন বাজার বিশেষজ্ঞরা। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FII) ভারতীয় শেয়ার বাজার থেকে প্রায় ৭,৩৯৫ কোটি টাকা তুলে নেওয়ায় বাজারে বড়সড় ধাক্কা লেগেছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ৬৭.৭৮ ডলারে পৌঁছে যাওয়ায় ভারতের আমদানি খরচ অনেকটা বেড়ে গিয়েছে। যা সরাসরি টাকার মূল্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬.৭১১ বিলিয়ন ডলার হ্রাস পেয়ে ৭১৭.০৬৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মুদ্রার এই সংকটের প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারেও; সোমবার সেনসেক্স ও নিফটি উভয় সূচকই নিম্নমুখী ছিল। বর্তমানে বিনিয়োগকারীদের নজর সরকারের প্রকাশিতব্য ট্রেড ব্যালেন্স বা বাণিজ্য ভারসাম্যের তথ্যের ওপর। এই পরিসংখ্যানই স্পষ্ট করবে যে আগামী দিনে ভারতীয় টাকা ঘুরে দাঁড়াতে পারবে কি না।