আমেদাবাদের স্কুলে বোমাতঙ্ক, ভারতকে খালিস্তান বানানোর হুঁশিয়ারি

NEWS DESK : আমেদাবাদ ও ভদোদরার একাধিক স্কুলে সোমবার সকালে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অজ্ঞাতপরিচয় সূত্র থেকে পাঠানো ই-মেলে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকির পাশাপাশি ভারতকে ‘খালিস্তান’ বানিয়ে দেওয়ার চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘটনার পরেই শহরজুড়ে কড়া সতর্কতা জারি করেছে স্থানীয় পুলিশ ও প্রশাসন।
হুমকি বার্তা পাওয়ার পরপরই সংশ্লিষ্ট স্কুলগুলিতে দ্রুত পৌঁছায় বম্ব ডিসপোজ়াল স্কোয়াড এবং স্নিফার ডগ। আতঙ্কিত অভিভাবকরা তড়িঘড়ি স্কুল থেকে সন্তানদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে ভিড় জমান। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে। তবে প্রাথমিক তদন্তে এখনও পর্যন্ত সন্দেহজনক কোনো বস্তু উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, এই ই-মেল বার্তার ভাষা অনেকটা কয়েকদিন আগে দিল্লির স্কুলে পাঠানো হুমকির মতোই। সেখানেও আফজল গুরুর স্মৃতিতে দিল্লিকে খালিস্তান করার এবং নির্দিষ্ট সময়ে হামলার হুমকি দেওয়া হয়েছিল। আমেদাবাদের ক্ষেত্রেও একই ধরণ লক্ষ্য করা যাচ্ছে। এই ঘটনার নেপথ্যে কোনো বড়সড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বারবার এই ধরণের হুমকি মেলের নেপথ্যে থাকা অপরাধীদের শনাক্ত করতে সাইবার ক্রাইম শাখার সাহায্য নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্কুল চত্বর ও সংবেদনশীল এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।