ভারত বনাম পাকিস্তান দ্বৈরথে জামাই শাহিনকেও ছেঁটে ফেলার নিদান দিলেন শ্বশুর আফ্রিদি

ভারত বনাম পাকিস্তান দ্বৈরথে জামাই শাহিনকেও ছেঁটে ফেলার নিদান দিলেন শ্বশুর আফ্রিদি

NEWS DESK : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের শোচনীয় পরাজয়ের পর রাগে ফেটে পড়েছেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। কলম্বোয় চিরপ্রতিদ্বন্দ্বী দেশের কাছে ৬১ রানে হেরে যাওয়ার পর বাবর আজম থেকে শুরু করে নিজের জামাতা শাহিন আফ্রিদি—কাউকেই রেয়াত করেননি এই কিংবদন্তি ক্রিকেটার। দলের সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তাঁদের দল থেকে বসিয়ে দেওয়ার কড়া পরামর্শ দিয়েছেন তিনি।

একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় আফ্রিদি সরাসরি জানান, বাবর আজম, শাহিন আফ্রিদি এবং শাদাব খানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা বড় ম্যাচে বারবার ব্যর্থ হচ্ছেন। তিনি মনে করেন, টানা ব্যর্থতার বৃত্তে থাকা এই ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে এবার নতুনদের সুযোগ দেওয়ার সময় এসেছে। নামিবিয়ার মতো দলের বিরুদ্ধে তরুণ প্রতিভাদের খেলিয়ে তাঁদের আত্মবিশ্বাস বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি। সিনিয়ররা রান না পেলে বা উইকেট না নিতে পারলে কেন জুনিয়রদের সুযোগ দেওয়া হবে না, সেই প্রশ্নও তুলেছেন আফ্রিদি।

উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারির এই হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের ব্যাটারদের দাপটে দিশেহারা দেখিয়েছে শাহিন আফ্রিদিকে। মাত্র ২ ওভার বল করে তিনি ৩১ রান খরচ করেন। অন্যদিকে শাদাব খান ১ ওভারে ১৭ রান দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ছিলেন নিষ্প্রভ। অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত এই জয়ের ফলে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের জয়ের রেকর্ড ৮-১ ব্যবধানে নিয়ে গিয়েছে। ঈশান কিষানের ৭৭ রানের বিধ্বংসী ইনিংস এবং বুমরা-হার্দিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পাকিস্তান মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায়। এই লজ্জাজনক হারের পরেই পাক ক্রিকেটে আমূল পরিবর্তনের ডাক দিয়েছেন শাহিদ আফ্রিদি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *