বিশ্বের নজরে ভারত মন্দাপম এআই সামিটে মোদীর মেগা মাস্টারপ্ল্যান

বিশ্বের নজরে ভারত মন্দাপম এআই সামিটে মোদীর মেগা মাস্টারপ্ল্যান

NEWS DESK : প্রযুক্তি দুনিয়ায় নয়া ইতিহাস গড়তে প্রস্তুত ভারত। সোমবার থেকে দিল্লির ভারত মন্দাপমে শুরু হচ্ছে বহুপ্রতীক্ষিত ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। চার দিনব্যাপী এই মেগা ইভেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনকে ভারতের দ্রুত অগ্রগতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী জানান, বিশ্বের নানা প্রান্ত থেকে উদ্ভাবকদের সমাগম দেশের যুবশক্তির ক্রমবর্ধমান সক্ষমতা ও আত্মবিশ্বাসেরই প্রতিফলন। ১৪০ কোটিরও বেশি মানুষের শক্তি এবং শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম ভারতকে আজ কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরের বিশ্বমঞ্চে সামনের সারিতে নিয়ে এসেছে।

প্রযুক্তি ও উদ্ভাবনের এই মহাকুম্ভে অংশ নিচ্ছে বিশ্বের প্রথম সারির প্রায় ৬০০টি স্টার্টআপ ও প্রতিষ্ঠান। প্রাঙ্গণজুড়ে থাকছে ৩০০টিরও বেশি বিশেষ প্রদর্শনী প্যাভিলিয়ন। অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইতালির মতো ১৩টি দেশ তাদের নিজস্ব প্রযুক্তি প্রদর্শনের জন্য পৃথক প্যাভিলিয়ন স্থাপন করেছে। সরকারি হিসেব অনুযায়ী, চার দিনে প্রায় আড়াই লক্ষ দর্শনার্থীর সমাগম হতে পারে এই আন্তর্জাতিক সম্মেলনে। ‘পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রোগ্রেস’—এই তিন মূলমন্ত্রকে সামনে রেখে প্রযুক্তি ও মানবকল্যাণের সেতুবন্ধন রচনা করাই এবারের সামিটের মূল লক্ষ্য।

সম্মেলনের গুরুত্ব বাড়িয়ে উপস্থিত থাকছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লোলা দা সিলভা-সহ প্রায় ২০টি দেশের রাষ্ট্রনেতা ও প্রতিনিধিদল। ৫০০-র বেশি অধিবেশনে প্রযুক্তি, নীতি ও নৈতিকতা নিয়ে আলোচনা করবেন ৩,২৫০ জন বিশেষজ্ঞ বক্তা। মোদী সরকারের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং অত্যাধুনিক গবেষণা ভারতকে কেবল প্রযুক্তিগত উৎকর্ষই দিচ্ছে না, বরং বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার আলোচনায় ভারতকে কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। বিশেষজ্ঞদের মতে, এই সামিট ভারতের বৈশ্বিক নেতৃত্বের এক শক্তিশালী প্রতীক হয়ে উঠবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *