ভোটের মুখে কমিশনের নজিরবিহীন অ্যাকশনে কাঁপছে নবান্ন, একযোগে সাসপেন্ড ৭ আধিকারিক

ভোটের মুখে কমিশনের নজিরবিহীন অ্যাকশনে কাঁপছে নবান্ন, একযোগে সাসপেন্ড ৭ আধিকারিক

NEWS DESK : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই কড়া পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে ‘কর্তব্যে গাফিলতি’ ও ‘ক্ষমতার অপব্যবহার’-এর অভিযোগে রাজ্যের সাতজন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে (AERO) অবিলম্বে সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার রাতে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি পাঠিয়ে এই কঠোর নির্দেশিকা জারি করে কমিশন।

কমিশনের এই নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে যে, অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্ত শুরু করতে হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে সেই রিপোর্ট কমিশনকে জমা দিতে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় আধিকারিকদের বিরুদ্ধে এমন সরাসরি ও কঠোর পদক্ষেপ সাম্প্রতিককালে নজিরবিহীন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই ঘটনায় রাজ্যের প্রশাসনিক স্তরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, এই আধিকারিকরা শাসকদলের নির্দেশে জাল স্কুল সার্টিফিকেট ব্যবহার করে কমিশনের গাইডলাইন লঙ্ঘন করেছেন। তিনি আরও দাবি করেন, এই গোটা প্রক্রিয়ার নেপথ্যে খোদ মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের ভূমিকা রয়েছে। কমিশন চাইলে এদের বিরুদ্ধে এফআইআর করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

নবান্ন সূত্রে খবর, নির্বাচন কমিশনের এই ‘ডিরেক্ট অ্যাকশন’ মেনে নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্য়েই শুরু হয়েছে। ভোটের আগে কমিশনের এই ‘সার্জিক্যাল স্ট্রাইক’ আদতে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার একটি কড়া বার্তা বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *