বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে সুপ্রিম কোর্টের বিস্ফোরক মন্তব্য, কেন তরুণ-তরুণীদের সাবধান করলেন বিচারপতি

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে সুপ্রিম কোর্টের বিস্ফোরক মন্তব্য, কেন তরুণ-তরুণীদের সাবধান করলেন বিচারপতি

নয়াদিল্লি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের একটি মামলার শুনানিতে সোমবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিচারপতি বি ভি নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে, বিয়ের আগে নারী-পুরুষের পারস্পরিক সম্পর্কে অত্যন্ত সতর্ক হওয়া প্রয়োজন।

শুনানি চলাকালীন বিচারপতি নাগরত্ন বলেন, “হয়তো আমরা পুরনো ধ্যান-ধারণার মানুষ হতে পারি, কিন্তু বিয়ের আগে একজন ছেলে ও মেয়ে আদতে অপরিচিত। তাদের সম্পর্কের রসায়ন যাই হোক না কেন, বিয়ের আগে তারা কীভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, তা আমাদের বোধগম্য নয়।”

আদালত আরও সতর্ক করে দিয়ে জানায়, বিয়ের পিঁড়িতে বসার আগে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। বিশেষ করে ডিজিটাল যুগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হওয়ার পর যে ধরণের আইনি ও সামাজিক জটিলতা তৈরি হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত।

উল্লেখ্য, ২০২২ সালে একটি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ওই যুবক ও যুবতীর পরিচয় হয়েছিল। অভিযোগকারী মহিলার দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবকটি তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং গোপনে সেই ভিডিও রেকর্ড করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরবর্তীতে ওই যুবক অন্য এক মহিলাকে বিয়ে করলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *