পাক বধের পর বরুণের মুখে হর হর মহাদেব, মহাশিবরাত্রিতে দেশবাসীকে বিশেষ উপহার টিম ইন্ডিয়ার

NEWS DESK : টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারত। এই জয়ের ফলে দেশজুড়ে এখন অকাল উৎসবের মেজাজ। কাকতালীয়ভাবে, ভারতের এই বিশাল জয় এসেছে মহাশিবরাত্রির পুণ্য লগ্নে, যা ক্রিকেট প্রেমীদের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। কলম্বোর মাঠে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে মেন ইন ব্লু প্রমাণ করে দিল যে, ভারত-পাক দ্বৈরথ এখন আর সমানে-সমানে নয়, বরং একপেশে লড়াইয়ে পরিণত হয়েছে।
টিম ইন্ডিয়ার এই জয়ের অন্যতম কারিগর ছিলেন তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। তাঁর স্পিন জাদুতে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ব্যক্তিগত দুটি উইকেট তুলে নেওয়ার পর বরুণ এই জয় দেশবাসীকে উৎসর্গ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, “হর হর মহাদেব। মহাশিবরাত্রির এই পবিত্র তিথিতে জয়টি সমস্ত ভারতীয়র জন্য।” অধিনায়ক সূর্যকুমার যাদবও এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ম্যাচের সেরা পারফর্মার ঈশান কিষান জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে এই জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তাঁর মতে, প্রতিবেশী দেশের বিরুদ্ধে জয় সবসময়ই আলাদা গুরুত্ব বহন করে। অন্যদিকে, মাঠের লড়াই গ্যালারি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিনোদন জগতেও। বলিউড অভিনেতা অনুপম খের ম্যাচের ভিডিও শেয়ার করে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন। সব মিলিয়ে, মহাশিবরাত্রির দিনে মাঠ ও মাঠের বাইরে ভারত এখন উৎসবের আবহে ভাসছে।