রাজস্থানে কারখানায় ভয়াবহ বিস্ফোরণে লাশের পাহাড়

রাজস্থানে কারখানায় ভয়াবহ বিস্ফোরণে লাশের পাহাড়

NEWS DESK : রাজস্থানের আলওয়ারে সোমবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। কুরুক্ষেত্র শিল্পতালুকের একটি রাসায়নিক কারখানায় একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই বিপর্যয় ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দাউদাউ আগুনের সাথে আকাশছোঁয়া কালো ধোঁয়ার কুণ্ডলী পুরো এলাকা ঢেকে ফেলে। দুর্ঘটনায় আরও অনেকে গুরুতর জখম হয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ থাকা ওই রাসায়নিক কারখানায় বিপুল পরিমাণ কার্ডবোর্ড এবং গ্যাস সিলিন্ডার মজুত ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, কাজের ব্যস্ত সময়ে হঠাৎই তিন-চারবার বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, যা সিলিন্ডার ফেটে হওয়ার সম্ভাবনাই প্রবল। আগুনের তীব্রতা বেশি হওয়ায় এবং কারখানাটি বন্ধ থাকায় উদ্ধারকাজ চালাতে দমকল বাহিনীকে যথেষ্ট বেগ পেতে হয়। শেষ পর্যন্ত ৬টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। বর্তমানে ঘটনাস্থলে কুলিং প্রসেস চলছে এবং নিহতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখছে দমকল ও স্থানীয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *