হিমন্ত বিশ্বশর্মার মিঞা মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন মামলাকারীরা

হিমন্ত বিশ্বশর্মার মিঞা মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন মামলাকারীরা

NEWS DESK : আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিতর্কিত ‘মিঞা’ মন্তব্য এবং ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ ভিডিও ঘিরে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলার শুনানি চলাকালীন স্পষ্ট জানিয়ে দেয় যে, সরাসরি শীর্ষ আদালতে না এসে মামলাকারীদের উচিত ছিল গুয়াহাটি হাই কোর্টের দ্বারস্থ হওয়া। আদালতের এই সিদ্ধান্তে ভোটের মুখে কিছুটা স্বস্তিতে আসামের মুখ্যমন্ত্রী।

মামলাকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভি যুক্তি দেন যে, মুখ্যমন্ত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লাগাতার আক্রমণ করছেন এবং রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট তাঁর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করতে পারবে না। এমনকি মামলাটি গুয়াহাটির পরিবর্তে অন্য কোনও রাজ্যের হাই কোর্টে স্থানান্তরের আবেদনও জানানো হয়। তবে আদালত এই যুক্তি গ্রহণ করতে অস্বীকার করে জানায়, হাই কোর্টের বিচারব্যবস্থার ওপর আস্থা রাখা প্রয়োজন এবং সরাসরি সুপ্রিম কোর্টে আসার প্রবণতা কাম্য নয়।

মামলা খারিজ করলেও রাজনৈতিক দলগুলির আচরণের সীমাবদ্ধতা নিয়ে পরোক্ষ বার্তা দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, রাজনৈতিক দল বা নেতৃত্বকে সবসময় সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে কাজ করা উচিত। তবে প্রশাসনিক ও বিচারবিভাগীয় নিয়ম মেনে আবেদনকারীদের পুনরায় যথাযথ আইনি পথে বা হাই কোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশের ফলে হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগের আইনি লড়াই এখন কোন পথে এগোয়, সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *