বেকার ভাতায় বড় স্বস্তি দিয়ে নবান্নর মাস্টারস্ট্রোক, যুবসাথীর আবেদন এখন ঘরে বসেই

NEWS DESK : রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের আবেদন ঘিরে তুঙ্গে উন্মাদনা। তবে আবেদন প্রক্রিয়া শুরু হতেই বিভিন্ন ক্যাম্পে উপচে পড়া ভিড় এবং বিশৃঙ্খলার খবর সামনে আসছিল। পরিস্থিতি সামাল দিতে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বড়সড় সিদ্ধান্ত নিল নবান্ন। এবার থেকে আর শুধুমাত্র ক্যাম্পের লম্বা লাইনে দাঁড়িয়ে নয়, আবেদনকারীরা অনলাইনেই এই প্রকল্পের ফর্ম পূরণ করার সুযোগ পাবেন।
অনলাইনে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট পোর্টাল https://apas.wb.gov.in-এ যেতে হবে। সেখানে ‘ক্লিক টু অ্যাপ্লাই’ অপশনে গিয়ে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করলেই মিলবে ডিজিটাল ফর্ম। প্রয়োজনীয় নথি আপলোড করে ফর্মটি সাবমিট করার পর আবেদনপত্রটি ডাউনলোড করে রাখতে হবে। এই পদক্ষেপের ফলে ক্যাম্পে ভিড়ের চাপ যেমন কমবে, তেমনই ঘরে বসেই সহজে নাম নথিভুক্ত করতে পারবেন আবেদনকারীরা।
উল্লেখ্য, ২১ থেকে ৪০ বছর বয়সী বেকাররা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী যদি রাজ্য সরকারের অন্য কোনো জনমুখী প্রকল্পের আওতায় থাকেন, তবে তিনি এই সুবিধা পাবেন না। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য এই ভাতা প্রদান করা হবে এবং পরবর্তী সময়ে পরিস্থিতি অনুযায়ী তা পর্যালোচনা করা হতে পারে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত ক্যাম্পগুলিও সচল থাকবে, যেখানে সরাসরি নথি জমা দিলে তৎক্ষণাৎ রসিদ মিলবে।