বোরখা পরে দাড়ি কামিয়ে ছদ্মবেশে পালানোর ছক কুখ্যাত জইশ জঙ্গির

NEWS DESK : ভূস্বর্গে সেনার জালে আটকানোর ভয়ে এবার ভোলবদল করল উপত্যকার ত্রাস তথা কুখ্যাত জইশ জঙ্গি সইফুল্লা। নিরাপত্তাবাহিনীর নজর এড়াতে সে নিজের দাড়ি কামিয়ে এবং মাথা মুড়িয়ে সম্পূর্ণ নতুন এক ছদ্মবেশ ধারণ করেছে। গোপন সূত্রে খবর, পুলিশের চোখে ধুলো দিতে সে এখন মহিলাদের পোশাক এবং বোরখা ব্যবহার করছে। এই খবর প্রকাশ্যে আসতেই জম্মু-কাশ্মীরের ডোডা জেলাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।
ডোডা জেলার পুলিশ সুপার সন্দীপ মেহতা জানিয়েছেন, সইফুল্লা বোরখা পরে ছদ্মবেশে উপত্যকা ছেড়ে পালানোর চেষ্টা করছে। জঙ্গির সম্ভাব্য নতুন চেহারা কেমন হতে পারে, তার একটি কাল্পনিক ছবি তৈরি করেছে নিরাপত্তাবাহিনী। সেই ছবি বর্তমানে বিভিন্ন জনবহুল এলাকায় সাঁটানো হয়েছে এবং সাধারণ মানুষের সাহায্যের জন্য একটি বিশেষ ফোন নম্বরও জারি করা হয়েছে। কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখলেই দ্রুত প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত দুই মাস ধরে উপত্যকায় লুকিয়ে থাকা জঙ্গিদের নির্মূল করতে লাগাতার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। সম্প্রতি এমনই এক অভিযানে সইফুল্লার অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার ‘ডান হাত’ হিসেবে পরিচিত জঙ্গি আদিল নিহত হয়। সেনার এই সাফল্যের পর থেকেই সইফুল্লা কোণঠাসা হয়ে পড়েছে এবং এলাকা ছেড়ে পালানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে। বর্তমানে পুরো এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তাবাহিনী।