ভোটের আগে মায়াপুরে অমিত শাহের হাইভোল্টেজ সফর! সাধু-সন্তদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক

কলকাতা
বাংলার বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই রাজ্যে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার তাঁর এই সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। নদিয়া জেলার মায়াপুরে ইসকন মন্দিরে দেশ বিদেশের কয়েকশো সাধু-সন্তের সঙ্গে এক বিশেষ বৈঠকে যোগ দেবেন তিনি। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এটিকে সম্পূর্ণ ধর্মীয় সফর বলা হচ্ছে, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে হিন্দু ভোটব্যাঙ্ক এবং বিশেষ করে মতুয়া ভোটারদের কাছে বড় বার্তা পৌঁছে দেওয়াই শাহের এই সফরের নেপথ্য লক্ষ্য।
শাহের ঠাসা কর্মসূচি
সূত্রের খবর অনুযায়ী, বুধবার দুপুর ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে বায়ুসেনার হেলিকপ্টারে সরাসরি মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। দুপুর ২টো ২৫ মিনিট থেকে বিকেল ৪টে ২৫ মিনিট পর্যন্ত মায়াপুরে কাটাবেন শাহ। এই সময়ে তিনি ইসকনের ‘পদ্ম ভবন’-এ সাধু-সন্তদের সঙ্গে গুরুত্বপূর্ণ সংলাপে অংশ নেবেন। পাশাপাশি শ্রীিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্মজয়ন্তী অনুষ্ঠানেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। মন্দিরে শ্রী কৃষ্ণের বিশেষ আরতিতেও অংশ নেবেন তিনি।
নেপথ্যে কি নির্বাচনী রণকৌশল?
মায়াপুরের মতো আন্তর্জাতিক স্তরের এক ধর্মীয় কেন্দ্রকে বেছে নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একদিকে যখন মমতা সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশ এবং দুর্নীতির ইস্যুতে আক্রমণ শানাতে ব্যস্ত বিজেপি নেতৃত্ব, ঠিক তখনই অমিত শাহের এই সফর গেরুয়া শিবিরের রণকৌশলকে আরও মজবুত করবে। বিমানবন্দর থেকে মায়াপুর যাওয়ার পথে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গেও তাঁর সংক্ষিপ্ত আলোচনার সম্ভাবনা রয়েছে, যেখানে আসন্ন নির্বাচনের নীল নকশা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
অমিত শাহের এই সফর ঘিরে নদিয়া জেলা প্রশাসনের তরফে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মায়াপুর এবং সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় সংস্থা। এখন দেখার, মায়াপুরের এই রুদ্ধদ্বার বৈঠক থেকে বাংলার রাজনীতির জন্য নতুন কোনো বার্তা বেরিয়ে আসে কি না।