বিশ্বজুড়ে পাল্টে যাচ্ছে ধর্মীয় জনসংখ্যার সমীকরণ, নাস্তিকদের সংখ্যায় বড় চমক

বিশ্বজুড়ে পাল্টে যাচ্ছে ধর্মীয় জনসংখ্যার সমীকরণ, নাস্তিকদের সংখ্যায় বড় চমক

NEWS DESK : পিউ রিসার্চ অর্গানাইজেশনের সাম্প্রতিক একটি চাঞ্চল্যকর রিপোর্টে বিশ্বজুড়ে বিভিন্ন ধর্মাবলম্বীদের জনসংখ্যার এক নতুন চিত্র ফুটে উঠেছে। বিশ্বের ২০১টি দেশের ২৭০০টির বেশি আদমশুমারির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বর্তমানে বিশ্বে সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে মুসলিম জনসংখ্যা। গত এক দশকে এই ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় ৩৪৭ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে, যা যে কোনো ধর্মের তুলনায় দ্রুততম। বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার ২৫.৬ শতাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী।

রিপোর্ট অনুযায়ী, খ্রিস্টান ধর্মাবলম্বীরা সংখ্যার বিচারে বিশ্বে এখনো প্রথম স্থানে থাকলেও তাদের শতাংশের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে এই হার ৩১ শতাংশ থেকে কমে ২৮.৮ শতাংশে দাঁড়িয়েছে। মূলত ইউরোপ ও আমেরিকা থেকে এই ধর্মের প্রভাব ক্রমশ সাব-সাহারা আফ্রিকার দিকে স্থানান্তরিত হচ্ছে। অন্যদিকে, হিন্দুদের সংখ্যাও গত এক দশকে প্রায় ১২৬ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে, যা বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার ১৪.৯ শতাংশ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে অবশ্য উল্টো চিত্র দেখা গেছে, যাদের সংখ্যা ক্রমশ হ্রাস পেয়ে বর্তমানে ৪.১ শতাংশে ঠেকেছে।

এই প্রতিবেদনের সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো বিশ্বজুড়ে ধর্মহীন বা নাস্তিক মানুষের সংখ্যার ব্যাপক বৃদ্ধি। বর্তমানে পৃথিবীর ২৪.২ শতাংশ মানুষ কোনো নির্দিষ্ট ধর্মের বেড়াজালে নিজেদের আবদ্ধ রাখতে নারাজ। পরিসংখ্যান বলছে, বিশ্বের মোট জনসংখ্যার ৭৫.৮ শতাংশ মানুষ কোনো না কোনো ধর্মের অনুসারী হলেও, আধুনিক বিশ্বে নাস্তিকতার প্রবণতা এক বিশাল প্রভাব তৈরি করছে। সব মিলিয়ে খ্রিস্টান ও মুসলিম—এই দুই ধর্মের অনুসারীরাই বর্তমানে বিশ্বের অর্ধেক জনসংখ্যা দখল করে রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *