সিন্ধু স্থগিতের ধাক্কা সামলাতেই পারেনি ইসলামাবাদ, তার মাঝেই ইরাবতী নিয়ে ভারতের নতুন চাল!

NEWS DESK : সীমান্তবর্তী উত্তেজনার আবহে পাকিস্তানকে চাপে ফেলতে এবার জলকৌশলকে হাতিয়ার করল ভারত। সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর এবার ইরাবতী নদীর অতিরিক্ত জল প্রতিবেশী দেশটিতে পাঠানো বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব সীমান্তে নির্মাণাধীন শাহপুর কান্দি বাঁধের কাজ আগামী ৩১ মার্চের মধ্যে শেষ হতে চলেছে। এই প্রকল্প সম্পন্ন হলে ইরাবতীর যে জল এতদিন পাকিস্তানে বয়ে যেত, তা এখন দেশের কৃষিকাজে ব্যবহৃত হবে।
জম্মু ও কাশ্মীরের জলসম্পদ মন্ত্রী জাভেদ আহমেদ রানা জানিয়েছেন, কাঠুয়া এবং সাম্বা জেলার মতো খরাপ্রবণ এলাকাগুলোতে সেচের সুবিধা পৌঁছে দেওয়া এখন সরকারের প্রধান লক্ষ্য। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুমোদনে শুরু হওয়া এই প্রকল্পে প্রায় ৪৮৫.৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বাঁধের ফলে জম্মু ও কাশ্মীরের ৩২,১৭৩ হেক্টর এবং পাঞ্জাবের ৫,০০০ হেক্টর জমি নতুন করে সেচের আওতায় আসবে। এছাড়া চন্দ্রভাগা নদীর ওপর জলবিদ্যুৎ প্রকল্পের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।
১৯৬০ সালের সিন্ধু জলবণ্টন চুক্তি অনুযায়ী পূর্বের তিনটি নদী—বিপাশা, শতদ্রু ও ইরাবতীর ওপর ভারতের পূর্ণ অধিকার রয়েছে। এতদিন প্রয়োজনের অতিরিক্ত জল পাকিস্তানে প্রবাহিত হলেও, বর্তমান পরিস্থিতিতে সেই পথ বন্ধ করতে অনড় ভারত। পাকিস্তানের ৮০ শতাংশ কৃষি সিন্ধুর ওপর নির্ভরশীল হওয়ায় ভারতের এই পদক্ষেপে চরম সংকটে পড়তে চলেছে ইসলামাবাদ। যদিও পাকিস্তান এই বিষয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে, তবে ভারত শুরু থেকেই এই আইনি প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে শুনানিতে অংশ নেয়নি।