ক্যাচ মিসেই কি ভেঙে যাবে বাংলার স্বপ্ন? সেমিতে জম্মু-কাশ্মীরের পাল্টা আঘাত!

NEWS DESK : রণজি ট্রফির হাই-ভোল্টেজ সেমিফাইনালে সুদীপ কুমার ঘরামির লড়াকু শতরানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৩২৮ রান তুলল বাংলা। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে প্রথম দিনের শেষে শক্ত অবস্থানে থাকলেও, দ্বিতীয় দিনে কাশ্মীরি পেসার আকিব নবির দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলার ব্যাটিং লাইনআপ। নবির আগুন ঝরানো বোলিংয়ের সামনে মাত্র ১০ রান যোগ করেই সাজঘরে ফেরেন সেঞ্চুরিয়ান সুদীপ। একে একে ব্যর্থ হন আকাশ দীপ ও মহম্মদ শামিরা। একাই ৫ উইকেট নিয়ে বাংলাকে বড় রানের লিড থেকে বঞ্চিত করেন ‘কাশ্মীর এক্সপ্রেস’ খ্যাত এই পেসার।

জবাবে ব্যাট করতে নেমে মহম্মদ শামি ও মুকেশ কুমারের তোপে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে জম্মু-কাশ্মীর। মাত্র ১৩ রানে ৩ উইকেট হারিয়ে যখন ধুঁকছে তারা, ঠিক তখনই বাংলার পথের কাঁটা হয়ে দাঁড়ায় ক্যাচ মিসের খেসারত। ৯ রানের মাথায় মুকেশ কুমারের বলে অধিনায়ক পরশ ডোগরার ক্যাচ ফেলে দেন উইকেটকিপার শাকির হাবিব গান্ধী। জীবনদান পেয়ে পরশ আর আব্দুল সামাদের ১৪৩ রানের মারকুটে জুটি জম্মু-কাশ্মীরকে ম্যাচে ফিরিয়ে আনে।

দিনের শেষ লগ্নে সামাদ ৮২ রান করে শামির শিকার হলেও, ৫৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন পরশ। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে ১৯৮ রান তুলে লড়াকু মেজাজে রয়েছে জম্মু-কাশ্মীর। বর্তমানে তারা বাংলার থেকে ১৩০ রানে পিছিয়ে থাকলেও, হাতের পাঁচটি উইকেট নিয়ে তৃতীয় দিনে বড় লিড পাওয়ার আশায় রয়েছে। অন্যদিকে, শামি-মুকেশদের লক্ষ্য থাকবে দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখা। ক্যাচ মিসের আক্ষেপ ভুলে বাংলা কতটা ঘুরে দাঁড়াতে পারে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *