বঙ্গোপসাগরের অন্ধকারে ভারতীয় জলসীমায় ধরা পড়ল বাংলাদেশি ট্রলার

বঙ্গোপসাগরের অন্ধকারে ভারতীয় জলসীমায় ধরা পড়ল বাংলাদেশি ট্রলার

NEWS DESK : দক্ষিণ ২৪ পরগনার বঙ্গোপসাগর সংলগ্ন ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ট্রলারসহ ২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করল ভারতীয় উপকূল রক্ষীবাহিনী। রবিবার রাতে রুটিন টহলদারির সময় কোস্ট গার্ডের নজর এড়িয়ে ভারতের সীমানায় ঢুকে পড়েছিল ‘এফবি সাগর’ নামে একটি সন্দেহজনক ট্রলার। জওয়ানরা ধাওয়া করে ট্রলারটিকে ঘিরে ফেলেন এবং ভেতরে থাকা মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। বৈধ নথিপত্র দেখাতে না পারায় তাঁদের সকলকেই আটক করা হয়।

আটক হওয়া মৎস্যজীবীদের অধিকাংশের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের কক্সবাজার জেলার কুতুবদিয়া এলাকায়। সোমবার সকালে তাঁদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা রুজু করে মঙ্গলবার কাকদ্বীপ আদালতে পেশ করার কথা জানিয়েছে পুলিশ।

এই অনুপ্রবেশ নিছকই ভুলবশত নাকি এর পেছনে অন্য কোনো গোপন উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গোয়েন্দা বিভাগ। উল্লেখ্য, গভীর সমুদ্রে বারবার এভাবে বাংলাদেশি মৎস্যজীবীদের অনুপ্রবেশের ঘটনায় উপকূলীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। ইতিপূর্বেও একাধিকবার একই ধরণের ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে ভারতের উপকূল রক্ষীবাহিনী ও স্থানীয় পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *