ইসরায়েলি পর্যটককে গণধর্ষণ ও ওড়িশার যুবককে খুনের ঘটনায় ৩ পাষণ্ডের মৃত্যুদণ্ড

কর্ণাটকের কোপ্পাল জেলা আদালত এক ঐতিহাসিক রায়ে তিন অপরাধীকে ফাঁসির সাজা শুনিয়েছে। গত বছর হাম্পির কাছে সনাপুরায় ঘটে যাওয়া এই শিউরে ওঠা অপরাধকে ‘বিরলতম’ হিসেবে আখ্যা দিয়েছেন বিচারক। জানা গেছে, দোষী সাব্যস্ত মল্লেশ ওরফে হান্ডিমাল্লা, সাই এবং শরণপ্পা গত বছর মার্চ মাসে এক ইসরায়েলি পর্যটক এবং এক হোমস্টে অপারেটরকে গণধর্ষণ করে।
পুলিশি তদন্তে উঠে এসেছে যে, ঘটনার রাতে তুঙ্গভদ্রা খালের ধারে ওই পর্যটকদের কাছে টাকা দাবি করেছিল এই তিন দুষ্কৃতী। টাকা দিতে অস্বীকার করায় তারা তিনজন পুরুষ পর্যটককে খালের জলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাঁদের মধ্যে দুজন সাঁতরে প্রাণে বাঁচলেও ওড়িশার এক পর্যটক তলিয়ে যান এবং তাঁর মৃত্যু হয়। এরপরই ওই দুই মহিলার ওপর নারকীয় অত্যাচার চালায় অভিযুক্তরা।
গঙ্গাবতী জেলা ও দায়রা আদালত সোমবার এই মামলার রায় ঘোষণা করতে গিয়ে জানায়, সমাজের বুকে এই ধরনের অপরাধ ক্ষমার অযোগ্য। নির্যাতিতা ইসরায়েলি নাগরিক এবং মৃত পর্যটকের পরিবার এই রায়ে বিচার পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা এই মামলায় দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ করে অপরাধীদের সর্বোচ্চ সাজার নির্দেশ দিল আদালত।