রেশন ব্যবস্থায় ডিজিটাল বিপ্লব: এটিএম থেকে মিলবে চাল-ডাল, নয়া প্রকল্পের উদ্বোধন অমিত শাহের

রেশন বিতরণে স্বচ্ছতা আনতে এবং ডিজিটাল পরিকাঠামোকে তৃণমূল স্তরে পৌঁছে দিতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল কেন্দ্র। রবিবার গুজরাটের গান্ধীনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি’ (CBDC) ভিত্তিক পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (PDS)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রিজার্ভ ব্যাংক, ভারতীয় খাদ্য নিগম এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের যৌথ সহযোগিতায় তৈরি এই মডেলের মূল লক্ষ্য হলো রেশন ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের দাপট বন্ধ করে সরাসরি উপভোক্তার কাছে সুবিধা পৌঁছে দেওয়া।
এই প্রকল্পের অধীনে ‘অন্নপূর্তি’ নামক বিশেষ গ্রেন এটিএম-এর উদ্বোধন করা হয়েছে। এই স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে উপভোক্তারা চাল ও গমের পাশাপাশি ডাল, লবণ এবং চিনিও সংগ্রহ করতে পারবেন। ডিজিটাল রুপি এবং আধার-ভিত্তিক বায়োমেট্রিক পদ্ধতির সমন্বয়ে তৈরি এই ব্যবস্থাটি রেশন বন্টনে কারচুপি রোধ করবে বলে দাবি সরকারের। এর ফলে প্রতিটি যোগ্য পরিবার তাদের প্রাপ্য ৫ কেজি খাদ্যশস্য নিশ্চিতভাবে হাতে পাবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে এই ডিজিটাল মডেলটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। দেশের ১ লক্ষ ৭ হাজারের বেশি গ্রামে ইন্টারনেট পরিষেবা পৌঁছে যাওয়ায় এই আধুনিকীকরণ সম্ভব হয়েছে। ‘এক দেশ, এক রেশন কার্ড’-এর পর ডিজিটাল কারেন্সি ভিত্তিক এই ব্যবস্থা ভারতের খাদ্য সুরক্ষা ও গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং দুর্নীতিমুক্ত করে তুলবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে গান্ধীনগরে এটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হলেও দ্রুতই এর পরিধি বাড়বে।